ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দামকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সাদ্দাম হোসেনের শাসনামলের প্রশংসা ও নিষিদ্ধঘোষিত বাথ পার্টির পক্ষে প্রচার চালানোর জন্য তাকে এই সাজা দেওয়া হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) তার অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, সাদ্দাম হোসেনের এই মেয়ে বর্তমানে জর্ডানে নির্বাসিত জীবনযাপন করছেন।
প্রতিবেদনে বলা হয়, রাঘাদ সাদ্দাম হোসেন ২০২১ সালে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নিষিদ্ধ বাথ পার্টির প্রচারণা চালিয়েছেন। সেই ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালানোর অপরাধে দোষী সাব্যস্ত করা হয় তাকে।
অবশ্য ঠিক কোন সাক্ষাৎকারের কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা রায়ে উল্লেখ করা হয়নি।
২০২১ সালে রাঘাদ সাদ্দাম হোসেন সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া চ্যানেলে ১৯৭৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তার বাবার শাসনামলে ইরাকের পরিস্থিতি সম্পর্কে কথা বলেছিলেন।
সৌদি এই চ্যানেলকে সেই সময় তিনি বলেন, “অনেকে আমাকে বলেছে, সাদ্দাম হোসেনের শাসনামল আমাদের জন্য ছিল গৌরব ও গর্বের সময়। অবশ্যই সে সময় ইরাক ছিল স্থিতিশীল এবং সমৃদ্ধ দেশ।”
রাঘাদ সাদ্দাম হোসেন তার বোন রানার সঙ্গে জর্ডানে থাকেন। তাদের ভাই উদয় ও কুসে ২০০৩ সালে ইরাকে মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হন।
২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর তার দল বাথ পার্টিকে বিলুপ্ত ও নিষিদ্ধ করা হয়।