Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রাম্প আরোপিত ১ লাখ ডলার এইচ-১বি ভিসা ফি বেআইনি

ফি বাতিল করে এক মামলায় রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক

আপডেট : ০৯ জুন ২০২৬, ১২:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা উচ্চ ডিগ্রিধারী ও দক্ষ বিদেশি কর্মীদের নতুন এইচ-১বি ভিসার ওপর ১ লাখ ডলার ফি বাতিল করে দিয়েছেন দেশটির একজন ফেডারেল বিচারক।  বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সোমবার (৮ জুন) বোস্টনের ইউএস ডিস্ট্রিক্ট বিচারক লিও সোরোকিন এই রায় দেন। আদালত এটিকে একটি অবৈধ কর হিসেবে আখ্যায়িত করে বলেছেন, মার্কিন কংগ্রেস এর কোনো অনুমোদন দেয়নি।

ট্রাম্পের এই ফি ঘোষণাকে চ্যালেঞ্জ করে ২০ জন ডেমোক্র্যাটিক স্টেট অ্যাটর্নি জেনারেল মামলা দায়ের করেছিলেন।

ট্রাম্প প্রশাসন যুক্তি দিয়েছিল, এই ফি বৈধ আর্থিক জরিমানা। ফেডারেল অভিবাসন আইনের অধীনে এই ফি আরোপ করার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। আইন অনুযায়ী, প্রেসিডেন্ট যদি মনে করেন নির্দিষ্ট কিছু বিদেশি নাগরিকের প্রবেশ যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি, তাহলে তিনি তাদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করতে পারেন।

তবে বিচারক সোরোকিন সিদ্ধান্ত দেন, এই ফি কোনো জরিমানা নয়, বরং এটি একটি কর। রিপাবলিকান প্রেসিডেন্ট কংগ্রেসের কাছ থেকে এমন কোনো অনুমোদন পাননি, যাতে করে তিনি এই ফি আরোপ করতে পারেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই কর আরোপের কোনো আইনি কর্তৃত্ব নেই এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এটি বাস্তবায়ন করতে পারে না।

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বারাক ওবামা কর্তৃক নিয়োগপ্রাপ্ত বিচারক সোরোকিন  রায়ে বলেছেন, “১ লাখ ডলারের এই অর্থ প্রদানের প্রকৃতি ও প্রয়োগ থেকে স্পষ্ট হয় যে এটি একটি কর, এই অর্থ প্রদানকে যে নামেই ডাকা হোক না কেন।”

এদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প প্রশাসন আত্মবিশ্বাসী যে আপিল করা হলে সোরোকিনের এই আদেশ বাতিল হয়ে যাবে।

তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের যেকোনো বিদেশিদের প্রবেশ সীমিত করার স্পষ্ট আইনি ক্ষমতা রয়েছে, যদি তিনি মনে করেন যে তা আমেরিকার সর্বোত্তম স্বার্থের অনুকূলে নয়। আর তিনি ঠিক এই কাজটিই করেছেন।”

এইচ-১বি প্রোগ্রামের আওতায় প্রতি বছর ৬৫ হাজার ভিসা দেওয়া হয়। এর পাশাপাশি উচ্চতর ডিগ্রিধারী কর্মীদের জন্য আরও ২০ হাজার ভিসা বরাদ্দ থাকে। এ ভিসা তিন থেকে ছয় বছরের জন্য অনুমোদন করা হয়।

ট্রাম্পের ফি বাড়ানোর ঘোষণার আগে কোনো বিদেশি কর্মীর ভিসার জন্য আবেদন করতে নিয়োগকর্তাদের বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে সাধারণত ২,০০০ থেকে ৫,০০০ ডলার ফি দিতে হতো।

এই নতুন ফি আরোপ করার সময় এক ঘোষণায় ট্রাম্প বলেন, কম বেতন ও কম দক্ষতাসম্পন্ন কর্মী দিয়ে মার্কিন কর্মীদের প্রতিস্থাপন করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এইচ-১বি প্রোগ্রামের অপব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত, যেসব বিদেশি নাগরিক ইতিমধ্যে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য হবে না। সাধারণত নতুন এইচ-১বি ভিসা গ্রহণকারীদের বড় অংশই এই শিক্ষার্থীরা।

   

About

Popular Links

x