ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সোমবার (১৩ নভেম্বর) তাকে নিয়োগ দেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে ক্যামরনের মনোনয়ন অনুমোদন দেন রাজা চার্লস। এই কারণে পার্লামেন্টের নির্বাচিত সদস্য না হয়েও মন্ত্রী হিসেবে তার সরকারে ফেরার পথ উন্মুক্ত হলো। এমনকি ব্রিটেনের রাজনীতিতেও ফের তার সক্রিয় হওয়ার তথ্য নিশ্চিত হলো।
২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ৫৭ বছর বয়সী ডেভিড ক্যামরন। ব্রেক্সিটের গণভোটের ফল প্রকাশের পর তিনি পদত্যাগ করেন। ওই গণভোটে ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পক্ষে সিদ্ধান্ত জানান।
প্রধানমন্ত্রীত্ব ত্যাগের পর গত সাত বছর তিনি ব্যস্ত ছিলেন নিজের আত্মজীবনী লেখায়। জড়িয়ে পড়েছিলেন ব্যবসায়ও।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানকে বরখাস্ত করেন ঋষি সুনাক। তার স্থলাভিষিক্ত হন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি। আর জেমস ক্লিভারলির স্থানে মনোনীত হলেন ডেভিড ক্যামেরন।