সমুদ্রে হারানো মানিব্যাগ আট মাস পর পেলেন সৈকতে

হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেলে কার না ভালো লাগে। যদি সমুদ্রে হারানো জিনিস পাওয়া যায়, তবে তো বাড়তি আনন্দ। তাও যদি গভীর সমুদ্রে হারানো জিনিস কেউ ফেরত পায়, সেই আনন্দের মাত্রা হবে কতটা, সেটা কি ভাবা যায়!

ব্রিটিশ কলাম্বিয়ার টোফিনোর কাছে একটি প্রত্যন্ত দ্বীপের মার্সি ক্যালাওয়ার্ট নামে এক নারীর সঙ্গে এমন ঘটনাই ঘটেছে। গভীর সমুদ্রে হারিয়ে ফেলা একটি মানিব্যাগ আট মাস পর ফিরে পেয়েছেন তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের জুন মাসে নৌকায় চড়ে সমুদ্রে যান তিনি। কিন্তু কাধের ব্যাগের চেইন লাগাতে ভুলে গিয়েছিলেন। তখনই ওই মানিব্যাগ পানিতে পড়ার শব্দ শুনতে পান।

তবে সম্প্রতি সমুদ্র সৈকতে হাঁটার সময় একটি বস্তুতে হোঁচট খান তিনি। দেখতে পান সেখানে পড়ে আছে তার সেই মানিব্যাগ।

মার্সি ক্যালাওয়ার্ট বলেন, ‘‘এটি যখন হারিয়ে যায়, আমি খুঁজে পেতে চেষ্টা করেছিলাম। কিন্তু পাইনি।’’

তবে ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল, সমুদ্র একটি অসাধারণ বিস্ময় ফিরিয়ে দিয়েছিল।

তিনি বলেন, ‘‘মানিব্যাগ ফিরে পেয়ে দেখি সেটির ভেতরে নগদ টাকা ও কার্ড সবই অক্ষত রয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘মানিব্যাগে ২০ ডলার ছিল। সমুদ্রের গভীরে আট মাস কাটানোর পরেও এটি সংরক্ষিত ছিল।’’

ভিডিওটি প্রকাশের পর থেকে এটি এরই মধ্যে ৪৭,০০০ ভিউ পেয়েছে।