ইংল্যান্ডে একটি বাড়ি খননের সময় প্রায় ১,৮০০ বছরের পুরোনো রোমান মূর্তি উদ্ধার করা হয়েছে। সম্প্রতি ওই বাড়ির কর্তৃপক্ষ কান্ট্রি এস্টেট বার্গলে হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে সংস্কার কাজ করার সময় ইংল্যান্ডের পিটারবারো এলাকায় ষোড়শ শতকের কান্ট্রি এস্টেট বার্গলে হাউস থেকে একটি মার্বেলের মূর্তি উদ্ধার করে খননকারী প্রতিষ্ঠান। এরপর সেখান থেকে একটি আবক্ষ মূর্তি উদ্ধার করা হয়। সেটি পরীক্ষা করার পর জানা যায়, এটি প্রথম বা দ্বিতীয় শতাব্দীর।
প্রতিষ্ঠানের কর্মী গ্রেগ ক্রালি বলেন, “এটি দেখে খুবই অবাক হয়েছিলাম। এরপর যখন জানলাম এটি এতো পুরনো, আমি বিশ্বাস করতে পারিনি।”
তিনি বলেন, “খননের সময় সেটিকে বড় পাথর ভেবেছিলাম। তোলার পর বুঝলাম এটি একটি মূর্তির মাথা।”
তিনি আরও বলেন, “প্রত্নতাত্মিকরা যখন বললো এটি রোমান মার্বেল মূর্তি। আমি বিশ্বাস করতে পারিনি। এটি আমার সর্বকালের সেরা আবিষ্কার।”
উদ্ধারের পর মূর্তির দুটি অংশই পেশাদার সংরক্ষকের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি যত্নসহ পরিষ্কারের পর দুটি অংশ একত্র করেন।
বার্গলে হাউসের ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে বলা হয়, প্রত্নবস্তুগুলো পেশাদার সংরক্ষকের কাছে পাঠানো হয়েছিল।
বিশেষজ্ঞরা পরীক্ষার পরে জানিয়েছেন, এটি প্রথম বা দ্বিতীয় শতাব্দীর প্রাচীন নিদর্শন।
প্রতিষ্ঠানটি বলছে, সম্ভবত ইতালীয় ব্যবসায়ীরা এটি ১৮ শতকের শেষের দিকে এনে এখানে হস্তান্তর করতে পারে।
তাদের ধারণা, নবম আর্ল ইতালিতে ভ্রমণের পর ফিরে এসে এটি সংরক্ষণে রেখেছিলেন। তবে এটি এতো দিন কীভাবে মাটির নিচে পড়েছিল, সেই রহস্য এখনও অজানা।
আপাতত মূর্তিটি বার্গলে হাউসে প্রদর্শনের জন্য রাখা হয়েছে।