মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন শেইনবাম

বিপুল ভোটে জয়লাভ করে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লদিয়া শেইনবাম। তিনি ক্ষমতাসীন বামপন্থী দলের প্রার্থী।

মেক্সিকোর নির্বাচন কমিশন বলছে, জলবায়ুবিজ্ঞানী এবং মেক্সিকো সিটির সাবেক মেয়র শেইনবাম ৫৮. ৩% থেকে ৬০.৭% ভোট পেয়েছেন। গণতান্ত্রিক মেক্সিকোর ইতিহাসে এটাই কোনো প্রেসিডেন্ট প্রার্থীর সর্বোচ্চ ভোটে জয়লাভ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

ওই খবরে বলা হয়েছে, শেইনবামের প্রধান প্রতিদ্বন্দ্বী শোচিত গ্যালভেজ ২৬.৬ % থেকে ২৮.৬ % ভোট পেয়েছেন।

জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে শেইনবাম বলেন, ‘‘আমাদের গণতন্ত্রের ২০০ বছরের ইতিহাসে আমিই প্রথম নারী প্রেসিডেন্ট হতে চলেছি।’’

এ সময় শেইনবামের সমর্থকেরা ‘‘প্রেসিডেন্ট’’ ‘‘প্রেসিডেন্ট’’ বলে চিৎকার করতে থাকেন।

নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত যে ফলাফল প্রকাশ করা হয়েছে তাতে মেক্সিকোর কংগ্রেসের উভয় কক্ষে ক্ষমতাসীন জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। যদি তাই হয় তবে বিরোধীদের সমর্থন ছাড়াই ক্ষমতাসীন জোট সংবিধান সংশোধনের সুযোগ পাবে।