তামিলনাড়ুতে বিষাক্ত মদ্যপানে ৩৭ জনের মৃত্যু

বিষাক্ত মদ্যপান করে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অন্তত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত কয়েকদিনে বিষাক্ত মদপান করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অন্তত ৫৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২০ জুন) তামিলনাড়ু রাজ্যের কাল্লাকুরিচি জেলায় এ ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে কাল্লাকুরিচি জেলা প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। মৃত ও অসুস্থদের বেশিরভাগই জেলার করুণাপুরম এলাকার বাসিন্দা।

এ ঘটনায় সন্দেহভাজন এক অবৈধ মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার ও দুইজনকে আটক করেছে স্থানীয় পুলিশ। এ বিষয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এনডিটিভিকে বলেন, “আমরা এখন পর্যন্ত তিনজনকে হেফাজতে নিয়েছি। যারা মারা গেছেন তাদের অধিকাংশই ব্যক্তিগত মাধ্যম ব্যবহার করে মদ কিনেছিলেন, কোনো সরকার পরিচালিত মদের দোকান থেকে কেনেননি।”

ছেলেকে হারানো এক মা জানান, তার ছেলের পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করছিল এবং চোখ খুলতে পারছিল না। ছেলেটি তার মাকে জানিয়েছিল, সে “আরক” পান করেছে। হাসপাতালে নেওয়া হলে, প্রথমে তাকে মাতাল আখ্যা দিয়ে ভর্তি নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ।”

তিনি বলেন, “রাজ্য সরকারের উচিত সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়া।”

এদিকে, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, “এ ঘটনায় আমি স্তম্ভিত। কাল্লাকুরিচিতে বিষাক্ত মদ খেয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি যে কর্মকর্তারা এই কাণ্ড রুখতে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।”

রাজ্য সরকার এ ঘটনার পর জেলা পুলিশ প্রধানকে বরখাস্ত করে তার জায়গায় নতুন আরেকজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। জেলা কালেক্টরকেও বদলি করা হয়েছে। এর পাশাপাশি প্রহিবিশন এনফোর্সমেন্ট উইংয়ের ডেপুটি সুপার, তিনজন পরিদর্শক ও একাধিক সহ-পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে।

প্রতিবছর ভারতে বেআইনি ডিস্টিলারির তৈরি বিষাক্ত মদ পানে অনেক মানুষের মৃত্যু ঘটে। অবৈধ ব্যবসায়ীরা মদের শক্তি বাড়ানোর জন্য প্রায়ই মিথানল মেশায়। যা মূলত একটি অ্যান্টিফ্রিজ হিসেবে ব্যবহৃত হয় ও খুব বিষাক্ত। মিথানল অল্প পরিমাণেও গ্রহণ করলে অন্ধত্ব, যকৃতের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে।