সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস রিসোর্টে নিয়মিতই জুয়া খেলতে যান তিনি। প্রতিদিনের মতো সেদিনও গিয়েছিলেন। ক্যাসিনোর প্রতিটি টেবিলে চলছিল উত্তেজনা। ঠিক তখনই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। ওই ব্যক্তি জানতে পারলেন, তার জীবনের মোড় ঘুরে গেছে। ৩২ লাখ পাউন্ড জিতেছেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় ৪৭ কোটি ৫২ লাখ টাকারও বেশি।
স্বভাবতই উচ্ছ্বাসে ফেটে পরেন। জয় উদযাপন করার এক পর্যায়ে আচমকা ক্যাসিনোর মেঝেতে পড়ে জ্ঞান হারান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক হয়েছিল তার।
গত শনিবার (২২ জুন) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদভিত্তিক ওয়েবসাইট নিউজ ডট কম। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, অজ্ঞান হয়ে ক্যাসিনোর মেঝেতে পড়ে আছেন ওই ব্যক্তি। তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন অনেকে। তাদের কাছে সাহায্য চাচ্ছেন ওই ব্যক্তির সঙ্গে থাকা এক নারী।
জানা গেছে, পরে ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছে। অবশ্য ওই ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে যে, তিনি মারা গেছেন। তবে ক্যাসিনোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিত করেছেন, ওই ব্যক্তি জীবিত আছেন। তার চিকিৎসা চলছে।