Tuesday, September 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন আরও ৬০% বাড়ছে

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

প্রধানমন্ত্রী ও মন্ত্রীসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের বার্ষিক বেতন পুনর্নির্ধারণ ও বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর সরকার। এর ফলে বিশ্বজুড়ে রাজনৈতিক নেতাদের মধ্যে ইতোমধ্যেই সবচেয়ে বেশি বেতন পাওয়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের বার্ষিক আয় আরও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তবে বেতন বৃদ্ধির মাধ্যমে প্রাপ্য অতিরিক্ত অর্থ পরবর্তী পাঁচ বছর দাতব্য প্রতিষ্ঠানে দান করার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রস্তাবিত নতুন কাঠামো কার্যকর হলে প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের বার্ষিক প্যাকেজে যুক্ত হবে অতিরিক্ত ১৪ লাখ (১.৪ মিলিয়ন) সিঙ্গাপুর ডলার। ফলে বর্তমানে বার্ষিক ২২ লাখ সিঙ্গাপুর ডলার বেতন পাওয়া ওংয়ের মোট বার্ষিক আয় দাঁড়িয়ে প্রায় ৩৬ লাখ সিঙ্গাপুর ডলারে (প্রায় ২৮ লাখ মার্কিন ডলার), যা তার বর্তমান বেতনের ৬০% এর বেশি।

তুলনামূলক বিচারে, বিশ্বে সর্বোচ্চ বেতন পাওয়া নেতাদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বছরে পান প্রায় ৭ লাখ ১৯ হাজার মার্কিন ডলার এবং মার্কিন প্রেসিডেন্ট পান ৪ লাখ মার্কিন ডলার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিঙ্গাপুরের একজন মন্ত্রীর বিদ্যমান প্রারম্ভিক বার্ষিক বেতন ১১ লাখ সিঙ্গাপুর ডলার থেকে বাড়িয়ে প্রায় ১২ লাখ ডলার করা হচ্ছে, যা পারফরম্যান্স ও অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে সাড়ে ১৩ লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

সিঙ্গাপুরে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে এই সিদ্ধান্তকে ঘিরে নাগরিক সমাজে বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টিকে সংবেদনশীল স্বীকার করে প্রধানমন্ত্রী লরেন্স ওং জানান, ব্যক্তিগত কিংবা কর্পোরেট খাতের উচ্চপদস্থ যোগ্য ব্যক্তিদের রাষ্ট্র পরিচালনায় আকৃষ্ট করতে আর্থিক সুরক্ষার প্রয়োজন রয়েছে। দক্ষ নেতৃত্ব তৈরি ও দুর্নীতিরোধে এই বেতন কাঠামো কার্যকর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

   

About

Popular Links

x