জ্বালানি তেলের ওপর অতিরিক্ত পেট্রোলিয়াম লেভি প্রত্যাহারের দাবিতে পাকিস্তান জামায়াতে ইসলামীর চলমান ইসলামাবাদমুখী লংমার্চ আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সাথে বিদ্যমান পেট্রোলিয়াম কর ইস্যুতে দলটির সাথে আনুষ্ঠানিক ও অর্থবহ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর প্রকাশিত প্রতিবেদনে এক সরকারি মুখপাত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়। খবর অনুযায়ী, জামায়াতের লংমার্চের বহর মুলতান পৌঁছালে দলটির আমীর হাফিজ নাঈমুর রহমানকে সরাসরি ফোন করে প্রধানমন্ত্রী এই অনুরোধ জানান।
প্রধানমন্ত্রীর ফোনের জবাবে জামায়াতের আমীর হাফিজ নাঈমুর রহমান জানান, সংঘাত বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো তাদের উদ্দেশ্য নয়; বরং সাধারণ মানুষের ওপর আরোপিত অতিরিক্ত করের বোঝা ও অর্থনৈতিক দুর্ভোগের প্রতিবাদ করতেই তারা রাজপথে নেমেছেন। লংমার্চ স্থগিত বা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় শূরা কমিটির সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে বলে জানান তিনি। তবে পরিস্থিতি যা-ই হোক না কেন, জনগণের স্বার্থে প্রতিবাদের অধিকার বজায় রাখার ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, পেট্রোলিয়াম লেভি বাতুলের দাবিতে জামায়াত আমীর হাফিজ নাঈমের নেতৃত্বে গত রোববার করাচি থেকে ইসলামাবাদ অভিমুখে এই ঐতিহাসিক লংমার্চ শুরু হয়। ট্রেন ও সড়কপথে বিভিন্ন এলাকা অতিক্রম করে গভীর রাতে বহরটি মুলতানে পৌঁছায়। পথে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন শহরে জামায়াত কর্মীদের ব্যাপক জমায়েত দেখা যায়।
মুলতান রেলস্টেশনে এক বিশাল জনসভায় হাফিজ নাঈম বলেন, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি বা কনটেইনার ফেলে এই গণজাগরণ থামানো যাবে না। চাল, গম, আটা ও চিনির অসঙ্গতিপূর্ণ বাজার ব্যবস্থাপনা এবং স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের (আইপিপি) সাথে অস্বচ্ছ চুক্তির তীব্র সমালোচনা করে অবিলম্বে পেট্রোলিয়াম লেভির নামে বাড়তি কর প্রত্যাহারের দাবি জানান তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী, দক্ষিণ পাঞ্জাব হয়ে লাহোর অভিমুখে এগিয়ে গিয়ে চুড়ান্ত পর্যায়ে রাজধানী ইসলামাবাদে অবস্থান নেওয়ার কথা রয়েছে দলটির।



