Friday, September 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তান সরকারের নতুন আদেশ জারি, বিদেশ ভ্রমণ ও সরকারি ভোজ নিষিদ্ধ

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে এই কঠোর নীতিমালা বাস্তবায়নের আদেশ দেওয়া হয়

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে তীব্র জ্বালানি সংকটে পড়ে অর্থ ও বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করেছে পাকিস্তান সরকার। নতুন নীতি অনুযায়ী পরবর্তী তিন মাসের জন্য সরকারি যানবাহনের জ্বালানি বরাদ্দ ৫০% কমানোসহ সব ধরনের সরকারি নৈশভোজ, কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও নতুন যানবাহন কেনা পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে এই কঠোর নীতিমালা বাস্তবায়নের আদেশ দেওয়া হয়।

বিবৃতি অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতা ছাড়া অন্যান্য প্রশাসনিক বাজেটে ৫% কাটছাঁট করা হয়েছে। তথ্যপ্রযুক্তি খাত ছাড়া অন্য যেকোনো স্থায়ী বা ভারী পণ্য ক্রয় নিষিদ্ধ করা হয়েছে। একান্ত প্রয়োজনীয় সরকারি সফরে মন্ত্রীদের ইকোনমি ক্লাসে ভ্রমণের নির্দেশনা দেওয়ার পাশাপাশি সশরীরে উপস্থিতির বদলে অনলাইন মিটিং করার নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণ নাগরিকদের ক্ষেত্রেও জ্বালানি ও অর্থ সাশ্রয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। দেশজুড়ে যেকোনো বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য কেবল 'এক পদের খাবার' পরিবেশনের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে এবং জ্বালানি সাশ্রয়ে সব বিপণিবিতান রাত ৯টার মধ্যে বন্ধের নির্দেশ এসেছে।

সংকট চলাকালেই দেশের শীর্ষ সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, খুচরা পর্যায়ে পেট্রোলের দাম লিটারপ্রতি ০.৪৩ রুপি কমে ৩৯০.৭৯ রুপি হলেও হাই-স্পিড ডিজেলের দাম লিটারপ্রতি ৩.৪৭ রুপি বাড়িয়ে ৪২৪.৯২ রুপি নির্ধারণ করা হয়েছে।

চলমান পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক জানান, মূল্যবৃদ্ধির চাপ সামলাতে সরকার নির্দিষ্ট কোটা সাপেক্ষে মোটরসাইকেল, রিকশা ও ছোট গাড়ির মালিকদের প্রতি লিটার জ্বালানিতে ১০০ রুপি করে ভর্তুকি দেওয়ার উদ্যোগ নিয়েছে।

   

About

Popular Links

x