দিসানায়েক শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ীর নাম ঘোষণা ঘোষণা করা হয়েছে। বামপন্থি রাজনীতিক ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) অ্যালায়েন্সের প্রার্থী অনুরা কুমারা দিসানায়েক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) ২য় দফায় ভোট গণনার পর তাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এর মধ্যদিয়ে ৫৫ বছর বয়সি দিসানায়েক দ্বীপরাষ্ট্রটির ১ম বামপন্থি রাষ্ট্রপ্রধান হওয়ার গৌরব অর্জন করলেন। সোমবার কলম্বোর রাষ্ট্রপতি সচিবালয়ে দিসানায়েক শপথ নেবেন বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট থেকে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতার প্রায় ২ বছর পর গত শনিবার (২১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ভোট গণনা। কিন্তু গণনা শেষে দেখা যায়, কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০% ভোট পাননি।

শ্রীলঙ্কার নির্বাচন ব্যবস্থায় ১টি ব্যালট পেপারে ভোটারদের জন্য তাদের পছন্দ অনুসারে পর্যায়ক্রমে ৩ জন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ফলে যদি কোনো প্রার্থী প্রথম গণনায় ৫০% ভোট না পান, তাহলে ২য় দফায় ভোট গণনা করা হয়। সেক্ষেত্রে ২ শীর্ষ প্রার্থীকে বিবেচনায় নিয়ে বিজয়ী নির্ধারণ করা হয়।

নির্বাচনের নিয়ম মেনে সবচেয়ে বেশি ভোট পাওয়া অর্থাৎ শীর্ষ দুই প্রার্থী অনুরা কুমারা দিসানায়েক ও বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসার প্রাপ্ত ভোট গণনা করা হয়। এটা শ্রীলঙ্কার ইতিহাসের প্রথম।