ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি প্রায় ৫ বছরে এই প্রথম জুমার খুতবা দিলেন। খুতবা চলাকালীন ইসরায়েল সম্পর্কে মন্তব্য করে বলেন যে ইসরায়েল বেশি দিন টিকবে না।
শুক্রবার (৪ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার খুতবায় এ কথা বলেন তিনি।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেন, “ইসরায়েলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা আইনসম্মত, এই হামলা বৈধ। কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান (ইসরায়েলে) ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ। ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা।”
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এই হামলাকে যৌক্তিক ও আইনসম্মত বলে উল্লেখ করেন তিনি।
খামেনি আরও বলেন, “ইরান, ফিলিস্তিন, লেবানন, মিসর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক। হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না। প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের ইসরায়েল হত্যা করলেও ইরানের এই মিত্ররা পিছু হটবে না। এই শাহাদাতের জেরে এ অঞ্চলের প্রতিরোধ পিছু হটবে বরং জয়ী হবে।”
এছাড়াও আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা করে তিনি পুরো বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি মুসলিম দেশগুলোকে তাদের সর্বজনীন শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা পুস্তুত করতে আহ্বান জানান।