এসসিও সম্মেলনের আগে ইসলামাবাদে ‘লকডাউন’

সাংহাই সহযোগিতা সংস্থার (এসএসিও) সম্মেলন উপলক্ষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কঠোর নিরাপত্তা “লকডাউন”জারি করেছে সরকার। সেই সঙ্গে দেশজুড়ে তিন দিন সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। রাজধানীজুড়ে নিরাপত্তার জন্য ব্যাপক পুলিশ ও প্যারামিলিটারি বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) থেকে অতিথিদের আগমন শুরু হয়েছে। ইতিমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মঙ্গলবার ও বুধবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এটি গত ১১ বছরে প্রথম কোনো চীনা প্রধানমন্ত্রীর সফর। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানীর রেড জোনের নিরাপত্তার দায়িত্বে থাকবে সেনাবাহিনী, যেখানে সংসদ সদস্য ও কূটনীতিকেরা অবস্থান করেন এবং অধিকাংশ বৈঠক অনুষ্ঠিত হবে।

এসএসিও সম্মেলনকে কেন্দ্র করে পাকিস্তানে বড় ধরনের নিরাপত্তা হুমকি বিরাজ করছে। সম্প্রতি দেশটিতে দুজন চীনা প্রকৌশলী ও ২১ খনিশ্রমিক নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এর বাইরে, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ১৫ অক্টোবর বিক্ষোভের ডাক দিয়েছেন এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তার মুক্তির দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

এছাড়া ইসলামাবাদে চীনা নাগরিকদের সব ধরনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তাদের ওপর হামলার আশঙ্কা রয়েছে।

২৩তম এসএসিও সম্মেলনে চীন, ভারত, ইরান, রাশিয়া সহ পূর্ণ সদস্য নয়টি দেশ অংশগ্রহণ করছে। সম্মেলনের পাশাপাশি, লি কিয়াং পাকিস্তানে চার দিনের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

এসএসিও সম্মেলনে অংশ নিতে চীন, রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রধানমন্ত্রীরা আসছেন। এ ছাড়া, ইরানের ভাইস প্রেসিডেন্ট ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সম্মেলনে উপস্থিত থাকবেন।