সম্প্রতি “কিং অব পপ” খ্যাত মাইকেল জ্যাকসনের অনেকগুলো অপ্রকাশিত গানের ক্যাসেট খুঁজে পেয়েছেন ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা। তার নাম গ্রেগ মাসগ্রোভ।
হলিউড রিপোর্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এএফপি জানিয়েছে, সান ফার্নান্দো ভ্যালির একটি স্টোরেজ ইউনিট থেকে মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত ক্যাসেটগুলো উদ্ধার করা হয়েছে বলে হলিউড রিপোর্টারের প্রকাশিতে একটি প্রতিবেদনে জানানো হয়েছে।
ব্রায়ান লরেন নামের এক সহকর্মীর কাছ থেকে জানার পর মাসগ্রোভ ক্যাসেটগুলো নিয়ে অনুসন্ধান শুরু করেন। ব্রায়ান লরেন গ্রেগ মাসগ্রোভকে একটি স্টোরেজ ইউনিটের ব্যাপারে জানান। সম্প্রতি এই ইউনিটটি তিনি ভ্যান নাইস থেকে কিনেছেন। এই ইউনিটটি এক সময় ব্রায়ান লরেন নামের এক মিউজিক প্রযোজক ও গায়কের ছিল। তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায়নি।
হলিউড রিপোর্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাসেটগুলোতে মাইকেল জ্যাকসনের ১২টি অপ্রকাশিত গান রয়েছে। এই গানগুলো ১৯৯১ সালে মুক্তি পাওয়া “ডেঞ্জারাস” অ্যালবাম প্রকাশেরও আগে রেকর্ড করা হয়েছিল।
মাসগ্রোভ এ ব্যাপারে হলিউড রিপোর্টারকে বলেন, “আমি সব ফ্যান (ভক্ত) সাইটে খুঁজে দেখেছি। এর মধ্যে কিছু গান রয়েছে যেগুলো প্রকাশ হয়েছে বলে গুজব রয়েছে, কিছু গানের সামান্য অংশ প্রকাশ হয়েছে। আবার এমন কিছু গান রয়েছে যা একেবারেই প্রকাশ হয়নি।”
মাসগ্রোভ আরও বলেন, “আমি এই গানগুলো শুনেছি। এই গানগুলো পৃথিবীতে আমার আগে কেউ শোনেনি। ক্যাসেটে শোনা যায় মাইকেল জ্যাকসন সত্যি সত্যি কথা বলছেন এবং অন্যের সঙ্গে মজা করছেন। এগুলো শুনে সত্যিই দারুণ লাগছে।”
অপ্রকাশিত এই গানগুলোর মধ্যে একটি গানের শিরোনাম “ডোন্ট বিলিভ ইট”। এই গানে সম্ভবত মিডিয়ায় এই পপ তারকা সম্পর্কে যে গুজব ছড়াতো, তার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
এর আগে ২০১২ সালে লেডি গাগাসহ মাইকেল জ্যাকসনের অনেক ভক্ত জ্যাকসনের ৫৫টি স্মৃতিচিহ্ন নিলামে খুব চড়াদামে কিনেছিলেন।