খেলার মাঝেই এক তরুণী দর্শকের সন্তান প্রসব, প্রেমের প্রস্তাব তরুণের

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্রথম দুইটিতে হারার পর নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। আর এই খেলা দেখতে হাজিরও হয়েছিলেন অনেক দর্শক। আর এই খেলা চলাকালীন ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। খেলা চলাকালীন প্রসববেদনা ওঠলে স্টেডিয়ামের ভেতরে হাসপাতালে সন্তানের জন্ম দেয় এক তরুণী, যা স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রীনেও জানানো হয়।

বেশ ছন্দে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর পর এবার হারালো দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়াদের তাদেরই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করা প্রথম দল হিসেবে নিজেদের নাম লেখালো পাকিস্তান। আর এদিন স্বামীর সঙ্গে খেলা দেখতে এসেছিল ওই তরুণী। ম্যাচের মাঝে একপর্যায়ে তার প্রসব-যন্ত্রণা শুরু হলে সঙ্গে সঙ্গে তরুণীকে স্টেডিয়ামের মধ্যেই থাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানে পুত্রের জন্ম দেন তিনি।  এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। পরবর্তীতে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা ভেসে ওঠে। সেখানে লেখা ছিল, “স্টেডিয়ামেই পুত্র সন্তান জন্ম হওয়ায় মিস্টার ও মিসেস রাবেংকে অভিনন্দন।”

এছাড়াও এদিন ওয়ান্ডার্সের আরও একটি সুন্দর দৃশ্য দেখা গেছে। ম্যাচের মাঝেই এক তরুণ তার প্রেমিকাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন। পাশের কয়েকজনকে দেখা যায় গান গাইতে। সেই দৃশ্যও দেখানো হয় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে।

রবিবার এমন আমুদে আমেজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। দলের জয়ে আবারও জ্বলে উঠে সেঞ্চুরি পেয়েছেন আইয়ুব। নেতৃত্বে অভিষেকের পর টানা দুটি ওয়ানডে সিরিজ জেতার আনন্দেও ভেসেছেন রিজওয়ান।