দুটি বড় সংকটে পড়েছে ভারতের অর্থনীতি। একদিকে রুপির দরপতন হচ্ছে, আরেক দিকে দেশটির শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা বেরিয়ে যাচ্ছে।
সোমবার (১৩ জানুয়ারি) উভয় ক্ষেত্রেই বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে, যা দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। খবর ইকোনমিক টাইমসের।
সোমবার রুপির বিপরীতে ডলার ৬৬ পয়সা বেড়ে ৮৬.৭০ রুপি হয়ে গেছে। গত দুই বছরে এক দিনে রুপির এতটা দরপতন হয়নি। এর সঙ্গে ভারতের শেয়ারবাজারেরও পতন হয়েছে। সেনসেক্স ১,০৪৯.৯০ পয়েন্ট নেমে ফিরেছে ৭৬ হাজারের ঘরে; স্থির হয়েছে ৭৬,৩৩০ পয়েন্টে। টানা চারটি লেনদেনে সূচক পড়েছে মোট ১,৮৬৯ পয়েন্ট। বাজার মূলধন কমেছে ২৪.৬৯ লাখ কোটি রুপির।
এদিকে মঙ্গলবার রুপির দর কিছুটা বেড়েছে। মঙ্গলবার এই প্রতিবেদন লেখার সময় প্রতি ডলারে পাওয়া যাচ্ছিল ৮৬ দশমিক ৫৬ রুপি। এছাড়া শেয়ার সূচকও বেড়েছে। সেনক্সেক ও নিফটি উভয়ই সকালের অধিবেশনে কিছুটা ঊর্ধ্বমুখী।
বিশ্লেষকদের ধারণা, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বিদেশি বিনিয়োগকারীদের নানা রকম বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি করবেন। চীনকে লক্ষ্য করে তিনি এগুলো করবেন। আর এতে ঝামেলায় পড়তে পারে ভারতও। ফলে ভারতের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে।
এদিকে, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে; ফলে আমদানিকারকদের ডলার লাগছে বেশি। অনেকেই বিনিয়োগের জন্যও ডলারকে বেছে নিচ্ছেন। ফলে চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের বিনিময় হার বাড়ছে।