ক্যাপিটল হিলে দাঙ্গায় গ্রেপ্তার ১,৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার অসাধারণ প্রত্যাবর্তনের পরপরই নিজের প্রায় ১,৫০০ সমর্থককে কারামুক্ত করার জন্য এক নির্বাহী আদেশে সই করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই এ সংক্রান্ত পদক্ষেপ নেন তিনি।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ওভাল অফিসে বসার পরপর ট্রাম্প বেশকিছু নির্বাহী আদেশে সিই করেছেন। এর মধ্যে ক্যাপিটল দাঙ্গার প্রায় ১,৫০০ জনকে ক্ষমার আদেশও রয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই অনেককে ছেড়ে দেওয়া হবে বলেও মনে করা হচ্ছে।

এসব ব্যক্তি ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন।

ক্যাপিটলে দাঙ্গায় জড়িত হাজার দেড়েক সমর্থককে মুক্তি দেওয়ার ইঙ্গিত কয়েক মাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন ক্যাপিটল ওয়ান অ্যারেনায় ভাষণ দেন, তখনই তিনি ঘোষণা করেন- ওভাল হাউসে পৌঁছেই তিনি ৬ জানুয়ারির ঘটনার জন্য অভিযুক্তদের ক্ষমা করবেন।

বিবিসি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটল হিলের সব দাঙ্গাবাজকে মুক্তি দেবেন কি-না তা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু ট্রাম্পের নির্বাহী আদেশে দেখা গেছে, যারা পুলিশ অফিসারদের ওপর আক্রমণ করেছিলেন, জানালা ভেঙেছিলেন বা কংগ্রেসের অফিস ভাঙচুরকারীরাও মুক্তির আদেশ পেয়েছেন।