শেষের পথে সারাবিশ্বের মুসলমানদের পবিত্রতম মাস রমজান। অপেক্ষা ঈদ-উল-ফিতরের। রমজান মাস ২৯ দিনে শেষ হবে নাকি ৩০ দিনে শেষ হবে তা নির্ভর করে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে শনিবার (২৯ মার্চ) রমজান মাসের ২৯তম দিন। বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও শনিবার রমজান মাসের ২৯তম দিন। তবে এদিন দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
অর্থাৎ, ইন্দোনেশিয়ায় এবার রমজান মাস ৩০ দিনে হচ্ছে। দেশটিতে ৩১ মার্চ সোমবার ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম অন্তরা নিউজ দেশটির ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।
তারা বলেছে, “ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, হিজরি ১৪৪৬ সনের শাওয়াল মাসের ১ তারিখ পড়বে আগামী সোমবার ৩১ মার্চ। শনিবার ধর্ম মন্ত্রণালয়ে ইসবাতের (চাঁদ দেখা কমিটি) বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে জাকার্তার ধর্ম মন্ত্রণালয়ের ভবনে। সে হিসেবে কালও রোজা থাকবে।”
সৌদি আরব ও মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে গত ১ মার্চ থেকে ইন্দোনেশিয়ায় শুরু হয়েছিল রমজান মাস।
এদিকে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ কয়েকটি দেশেও শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এসব দেশেও এবার রমজান মাস ৩০ দিনে হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও আজ ২৯ রমজান। দেশটিতে এবার ৩০ রোজা পূর্ণ হবে কি-না, কিছুক্ষণের মধ্যেই তা জানা যাবে।