রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে সুনামি আঘাত হেনেছে। এরপর জাপান, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে সুনামি (সামুদ্রিক ঢেউ বা জলোচ্ছ্বাস) সতর্কতা জারি করা হয়েছে। খবর মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
এদিকে রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্পের জেরে সুনামির ঢেউ আঘাত হানার পর রাজধানী টোকিওসহ দেশের উপকূলীয় এবং উপকূলবর্তী বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে জাপান।
এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চলজুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এর মধ্যে রয়েছে- রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, কলম্বিয়া, মেক্সিকো, পেরু, ইকুয়েডর, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের হাওয়াই, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন ও ওয়াশিংটন অঙ্গরাজ্যগুলো।
এদিকে রাশিয়ায় ভূমিকম্প ও সুনামির পর আঞ্চলিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির সাখালিন অঞ্চলের উত্তর কুরিলস্ক দ্বীপপুঞ্জে এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।