ভারতে একটি উড়োজাহাজের ফ্লাইটে এক যাত্রীকে থাপ্পড় দিয়েছেন আরেক সহযাত্রী। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিমানের যাত্রী এক যুবককে তারই সহযাত্রী সজোরে থাপ্পড় মারছেন। যাকে আঘাত করা হয়েছে, সেই যুবকের নাম হুসেন আহমেদ মজুমদার (৩২)। এরপর থেকেই থাপ্পড়ের শিকার ওই যাত্রী নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
এনডিটিভি তার প্রতিবেদনে জানিয়েছে, ইন্ডিগো বিমানের একটি ফ্লাইটে মাঝ-আকাশে হোসেইন প্যানিক অ্যাটাকের (আতঙ্কিত) শিকার হওয়ার পর এক যাত্রী তাকে থাপ্পড় মারেন। থাপ্পড় দেওয়া ওই ব্যক্তির নাম হাফিজুল রহমান বলে শনাক্ত করা হয়েছে। ভুক্তভোগী হুসেইন ইন্ডিগোর ফ্লাইটে মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই থেকে কলকাতা হয়ে আসাম রাজ্যের শিলচর যাচ্ছিলেন। উড়োজাহাজে ওঠার পর তার হঠাৎ আতঙ্কজনিত সমস্যা (প্যানিক অ্যাটাক) হয়। হঠাৎ ভয় পাওয়া এবং তার শারীরিক প্রতিক্রিয়া থেকে প্যানিক অ্যাটাক বোঝা যায়।
ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় উড়োজাহাজের দুই কেবিন ক্রু ভুক্তভোগী হুসেইনকে নামতে সাহায্য করছিলেন। ঠিক তখনই পাশের আসনে বসা এক যাত্রী হঠাৎ তাকে থাপ্পড় মারেন। অন্য পাশে বসা এক যাত্রী এ ঘটনার ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করেন। কেবিন ক্রুরা ওই যাত্রীকে শান্ত থাকতে বলেন এবং অন্য একজন যাত্রী প্রতিবাদ করে আক্রমণকারী ব্যক্তিকে বলছেন, ‘‘আপনি কেন তাকে মারলেন।’’
এনডিটিভি আরও জানিয়েছে, কলকাতায় উড়োজাহাজ থেকে নামার পর নিরাপত্তাকর্মীরা এ ঘটনায় অভিযুক্ত হাফিজুলকে পুলিশের হাতে তুলে দেন। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে ভুক্তভোগী হুসেইন আসামের শিলচরে না পৌঁছানোয় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তারা জানান, হুসেইন এখনো বাড়িতে আসেননি, ফোনও করেননি। এমনকি তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, হুসেইন মুম্বাইয়ের এক হোটেলে কাজ করতেন। এর আগেও বহুবার এই একই রুটে বাড়ি ফিরেছেন তিনি। গতকাল সকালে কিছু আত্মীয় শিলচর বিমানবন্দর থেকে হুসেইনকে নিতে গেলেও সেখানে তাকে পাওয়া যায়নি। পরে ভাইরাল ভিডিও দেখে তারা তাকে চিনে ফেলেন এবং ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু এতেও কোনো সাড়া মেলেনি।
পরিবারের সদস্যদের দাবি, বিমানবন্দর কর্তৃপক্ষ হুসেইনের বিষয়ে কিছু জানাতে পারেননি। বিষয়টি তারা সিআইএসএফকেও জানিয়েছেন এবং কাছাড়ের উদারবন্দ থানায় তার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
ঘটনা প্রসঙ্গে ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজে ঝামেলা করায় ওই যাত্রীকে সিআইএসএফ ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিবৃতিতে থাপ্পড় খাওয়া হুসেইনের বিষয়ে কিছুই বলা হয়নি।