৪৭তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশ প্রার্থীদের যেসব শর্ত মানতে হবে

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফলে নন-ক্যাডার পদে ২০১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডার পদে প্রার্থীদের মনোনয়নের শর্তাবলি প্রকাশ করেছে ।

মনোনয়নের শর্তাবলি

১. নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীর সংযুক্ত সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।

২. কোনো প্রার্থী আবেদনপত্রে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান বা প্রয়োজনীয় তথ্য ও নথি গোপন বা টেম্পারিং বা জাল করলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হবে। তা ছাড়া বর্ণিত অপরাধে জড়িত প্রার্থীকে ক্ষেত্র বিশেষে ফৌজদারি আইনে সোপর্দ করা হতে পারে।

৩. নন-ক্যাডার পদে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক সম্পন্ন করতে হবে।

৪. ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ - এর বিধান অনুসারে ৯ম, ১০ম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে মনোনয়ন প্রদান করা হবে।

৫. যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য ডকুমেন্টগুলোর সত্যতা যাচাই করা হবে। প্রাক্‌-নিয়োগ জীবনবৃত্তান্ত যথাযথ এজেন্সি কর্তৃক যাচাইয়ের পর নিশ্চিত হয়ে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ প্রদান করতে হবে।

৬. প্রকাশিত মনোনয়নে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে।

৭. এই মনোনয়ন কোনো প্রার্থীর ক্যাডার ও নন-ক্যাডার পদে চাকরি প্রাপ্তির নিরঙ্কুশ নিশ্চয়তা প্রদান করবে না বা অধিকার জন্মাবে না।

৮. কমিশনের নিকট থেকে মনোনয়ন প্রাপ্তির পর নিয়োগসংক্রান্ত সব বিধিবিধান ও আনুষ্ঠানিকতা প্রতিপালনপূর্বক নিয়োগকারী কর্তৃপক্ষ উক্ত মনোনয়নের ভিত্তিতে নিয়োগ প্রদান করতে পারবে।

৯. ফলাফল কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

*৪৭তম বিসিএসর ফলাফল দেখতে এখানে ক্লিক করুন