৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে। এতে ১,৭০২ প্রার্থীর নামে গেজেট প্রকাশ করা হয়েছে। ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১১ মাস পর গেজেট হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেটে নিয়োগপ্রাপ্তদের প্রতি শর্ত ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ১ নভেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী ৯ম গ্রেডে চাকরি শুরু করবেন নিয়োগপ্রাপ্তরা।
নির্দেশনা ও শর্তগুলো
- চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
- দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল অনূর্ধ্ব দুই বছর বর্ধিত করতে পারবে।
- একজন জামানতদারসহ ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, যদি তিনি শিক্ষানবিশকালে অথবা শিক্ষানবিশকাল উত্তীর্ণ হওয়ার তিন বছরের মধ্যে চাকরিতে ইস্তফা দেন, তবে প্রশিক্ষণকালে তাকে প্রদত্ত বেতন-ভাতা, প্রশিক্ষণ উপলক্ষে উত্তোলিত অগ্রিম/ভ্রমণভাতা/অন্যানা ভাতাদি ও তার প্রশিক্ষণের জন্য ব্যয়িত সমুদয় অর্থ ফেরত দিতে তিনি বাধ্য থাকবেন।
- যদি তিনি কোনো বিদেশি নাগরিককে বিবাহ করে থাকেন অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকেন তবে এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।