বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন’ (পপি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের জন্য পাঁচটি পদে মোট ৪৮০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে, কুরিয়ারে অথবা সরাসরি কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ সময় ১৯ নভেম্বর।
চাকরির বিবরণ
১. কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
পদসংখ্যা: ৫
বয়স সর্বোচ্চ ৪৮ বছর। আবেদনকারীর ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে অন্তত ১০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১৫টি শাখা পরিচালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রবেশনকালে মাসিক সর্বসাকুল্যে বেতন ৬৬,৮৬২ টাকা। স্থায়ী হওয়ার পর বেতন হবে ৭৩,৮০৩ টাকা।
২. সহকারী কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
পদসংখ্যা: ২৫
বয়স সর্বোচ্চ ৪৭ বছর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমান। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট পদে অন্তত চারটি শাখা পরিচালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রবেশনকালে বেতন ৫২,২৯৬ টাকা এবং স্থায়ী হওয়ার পর ৫৭,৭৭৪ টাকা।
৩. শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
পদসংখ্যা: ৭৫
বয়স সর্বোচ্চ ৪৩ বছর। আবেদনকারীর ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে অন্তত এক বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনার মৌলিক ধারণা থাকতে হবে। প্রবেশনকালে বেতন ৪৩,৭২৮ টাকা এবং স্থায়ী হওয়ার পর ৫০,৮৮২ টাকা (লাঞ্চ ভাতাসহ)।
৪. সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
পদসংখ্যা: ৭৫
বয়স সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে ন্যূনতম স্নাতক। সংশ্লিষ্ট পদে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল ও ইন্টারনেট ব্রাউজিংয়ে ভালো দক্ষতা প্রয়োজন। কম্পিউটার পরিচালনায় পারদর্শী নন, এমন প্রার্থীদের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবেশনকালে বেতন ৩৩,১২০ টাকা এবং স্থায়ী হওয়ার পর ৩৯,১৩০ টাকা (লাঞ্চ ভাতাসহ)।
৫. মাঠ কর্মকর্তা (ঋণ কার্যক্রম)
পদসংখ্যা: ৩০০
বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমান। এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রবেশনকালে বেতন ২৫,৫৭২ টাকা এবং স্থায়ী হওয়ার পর ৩০,৭৬৮ টাকা (লাঞ্চ ভাতাসহ)।
অন্যান্য সুযোগ-সুবিধা
সব পদের জন্য প্রবেশনকাল ছয় মাস। ১, ২ ও ৩ নম্বর পদের কর্মীরা সহজ শর্তে মোটরসাইকেল কেনার ঋণ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ পাবেন। অন্যদিকে, ৩, ৪ ও ৫ নম্বর পদের কর্মীদের প্রবেশনকালে সহজ শর্তে একক আবাসন সুবিধা দেওয়া হবে।
চাকরি স্থায়ী হওয়ার পর বার্ষিক বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা পাওয়া যাবে। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে দূরত্ব, উৎসাহ, হাওড় ও শহর ভাতা দেওয়া হবে। চট্টগ্রাম রিজিয়নে (চট্টগ্রাম ও কক্সবাজার জেলা) নিয়োগ পাওয়া কর্মীরা অতিরিক্ত ২,৫০০ টাকা বিশেষ ভাতা পাবেন।
পপির নীতি অনুযায়ী, মাঠপর্যায়ের কর্মীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ে বিশেষ প্রশিক্ষণের সুযোগও রয়েছে।
পরীক্ষার ফি
মাঠ কর্মকর্তা পদে আবেদন করতে ২০০ টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। এ জন্য সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সোনালী ব্যাংক লিমিটেড, ধানমন্ডি করপোরেট শাখার হিসাব নম্বর ৪৪১৫৬০৩০০০০৭১-এ অনলাইনে টাকা জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফেরতযোগ্য জামানত হিসেবে শাখা ব্যবস্থাপক পদে ২৫,০০০ টাকা, সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক পদে ২৫,০০০ টাকা এবং মাঠ কর্মকর্তা পদে ২০,০০০ টাকা নগদ জমা দিতে হবে। এছাড়া মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণের জন্য ৪,০০০ টাকা প্রশিক্ষণ গ্রহণের সময় নগদে পরিশোধ করতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের এ-ফোর সাইজের কাগজে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র, ১, ২ ও ৩ নম্বর পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং দুই কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে।
এছাড়া এলাকার দুজন গণ্যমান্য ব্যক্তির নাম ও মোবাইল নম্বর দিতে হবে। তাদের অন্তত একজন শিক্ষক হতে হবে। খামের ওপর পদের নাম, আবেদনকারীর মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা এবং পরীক্ষার কাঙ্ক্ষিত ভেন্যু উল্লেখ করতে হবে।
মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের পরীক্ষার ভেন্যু হিসেবে নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে একটি উল্লেখ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।
ডাকযোগে বা কুরিয়ারে আবেদন পাঠানোর পাশাপাশি সংস্থাটির প্রধান কার্যালয়ে সরাসরিও আবেদনপত্র জমা দেওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ১৯ নভেম্বর ২০২৬।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানা যাবে পপির অফিশিয়াল ওয়েবসাইটে।