তিন ধাপে নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, সিলেবাস-নম্বর বণ্টনেও পরিবর্তন

আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, চলমান শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিতেও আসবে পরিবর্তন। প্রচলিত প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও যুক্ত হতে পারে। তবে বিধিমালা সংশোধনের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।  

প্রস্তাবিত পরীক্ষা পদ্ধতি অনুযায়ী, প্রার্থীদের তিনটি ধাপে পরীক্ষা দিতে হতে পারে। প্রথম ধাপে ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার সময় এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পাস নম্বর ৪০ শতাংশ।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষার সময় তিন ঘণ্টা। এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তাবিত সিলেবাসে চারটি বিষয় রাখা হয়েছে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হতে পারে।