৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় অংশ নিতে হলে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে আর পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় ক্রমে সাজানো হবে। পাশাপাশি প্রতিটি কক্ষের জন্য দৈবচয়ন পদ্ধতিতে রেজিস্ট্রেশন নম্বর বিন্যাস করে হাজিরা তালিকা তৈরি করা হবে।
পিএসসি জানায়, দৈবচয়ন পদ্ধতিতে পরীক্ষার্থীদের নিজ নিজ আসন ও কক্ষ শনাক্ত করতে কিছুটা সময় প্রয়োজন হবে। এ কারণে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৯টার পর কাউকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। এ নির্দেশনা পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও পরীক্ষা পরিচালনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাতেও উল্লেখ করা হয়েছে।
আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকায় ৫১তম বিশেষ বিসিএসের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস ও সংশ্লিষ্ট নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
দেশের সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসক-সংকট মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এই বিসিএসের মাধ্যমে মোট ৫,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪,৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন। পরীক্ষায় অংশ নিতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪,৬৩৫ জন।
সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন ও হলের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পিএসসির পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।