কানে পোকা ঢুকলে এই ভুলগুলো করবেন না

নিজের মনে কাজ করছিলেন। হঠাৎ কোথায় থেকে একটি পোকা উড়ে এসে ঢুকে গেল কানে। শুরু হলো কানে তীব্র অস্বস্তি! আচমকা ছোট পোকা থেকে শুরু করে মশা, মাছি, পিঁপড়া এমনকি তেলাপোকা পর্যন্ত ঢুকে যেতে পারে কানে। রাতে শোয়ার সময় এমনটা বেশি ঘটে। এ পরিস্থিতিতে যে পোকাই কানে ঢুকুক না কেন, তা বের করার জন্য খোঁচাখুঁচি করা যাবে না। দেখা যায়, অনেক সময় কটনবাড বা অন্য কোনো কিছুর সাহায্যে পোকাটি বের করার চেষ্টা করছেন, তাতে কিন্তু পোকাটিকে কানের আরও ভেতরের দিকে ঠেলে দেওয়া হবে। আর চেষ্টা করতে গিয়ে কানের বিভিন্ন অংশে ক্ষত হওয়ার ঝুঁকিও বাড়তে পারে।

চলুন জেনে নেওয়া যাক কানে পোকা ঢুকে গেলে ওই মুহূর্তে কী করা উচিত আর কী করা উচিত নয় –

যা করবেন

  • পোকাটি নিজে থেকে বেরিয়ে আসে কি না, প্রথমে তা দেখুন। আশপাশে কেউ থাকলে কানের দিকে খেয়াল করতে বলতে পারেন। তবে বেশির ভাগ ক্ষেত্রে পোকা নিজে থেকে বেরিয়ে আসে না। বরং কানের ভেতরে অস্বস্তি ও নড়াচড়া বাড়তে থাকে। তাই সুযোগ থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই নিরাপদ।
  • তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ না থাকলে পোকাটিকে নিস্তেজ বা মেরে ফেলার জন্য কানে তেল দেওয়ার কথা বলা হয়। তেল দেওয়ার সময় এবং এরপর প্রায় ১০ মিনিট মাথা বিপরীত দিকে হেলিয়ে রাখতে হবে। অর্থাৎ, ডান কানে পোকা ঢুকলে মাথা বাঁ দিকে কাত করে রাখতে হবে। চাইলে বাঁ দিকে কাত হয়ে শুয়েও থাকতে পারেন। এরপর যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে গিয়ে কানের ভেতর থেকে পোকাটি বের করিয়ে নিতে হবে।
  • তেল না পেলে বিকল্প হিসেবে পানিও ব্যবহার করতে পারেন একইভাবে। অবশ্য আপনার যদি আগে থেকে কানপাকাজাতীয় সমস্যা থাকে, তাহলে আপনি তেল বা পানি কোনোটাই ব্যবহার করতে পারবেন না। এ ক্ষেত্রে জরুরি ভিত্তিতে চিকিৎসকের কাছে যাওয়ার ব্যবস্থা করতে হবে।

যা করবেন না  

  • কানের ভিতর পোকা ঢুকলে কোনো কটন বাড, দেশলাই কাঠি, সেফটিপিন বা আঙুল দিয়ে কানের ভিতরে খোঁচাখুঁচি করবেন না। এর ফলে পোকাটি আরও ভিতরে ঢুকে যেতে পারে।
  • কানে পোকা ঢোকার পর মাথা এক দিকে হেলিয়ে জোরে জোরে নাড়াবেন না বা কানের উপর চাপড় মারবেন না। এতে কিন্তু পোকা বেরোয় না, বরণ কানের আশপাশটা এবং পিনা (কার্টিলেজ অংশ) ক্ষতিগ্রস্ত হতে পারে।
  • কানে পোকা ঢুকলে ভেতরে ফড়ফড় করা, কিছু একটা হাঁটছে এমন অনুভূতি বা চুলকানি হতে পারে। অস্বস্তি যতই হোক, তখনই ঘাবড়ে গিয়ে যেকোনোভাবে পোকাটি বের করার চেষ্টা করা ঠিক নয়।
  • এমন পরিস্থিতিতে কেউ কেউ নাক বন্ধ করে জোরে বাতাস ছাড়ার চেষ্টা করেন। ধারণা থাকে, কানের ভেতরে চাপ তৈরি হলে পোকাটি বেরিয়ে আসবে। কিন্তু এভাবে পোকা বের করার চেষ্টা না করাই ভালো। অতিরিক্ত চাপ কানের পর্দার ক্ষতি করতে পারে।
  • কানের ভেতরে থাকা পোকাটি মরে গেলে অস্বস্তি কমে যেতে পারে। তখন অনেকেই আর চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন মনে করেন না। কিন্তু বিষয়টি অবহেলা করা উচিত নয়। পোকা বা তার অংশ কানের ভেতরে থেকে গেলে পরবর্তী সময়ে সংক্রমণসহ নানা সমস্যা হতে পারে।