ছোটখাটো বিষয়েই রেগে যান? আবার একবার রাগ উঠলে সহজে তা কমতেও চায় না? রাগ মানুষের স্বাভাবিক আবেগ হলেও অনিয়ন্ত্রিত রাগ ব্যক্তি ও সম্পর্ক, দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই রাগকে দমন করার বদলে ইতিবাচকভাবে মোকাবিলা করার কৌশল জানা জরুরি।
রাগ নিয়ন্ত্রণে রাখতে কিছু অভ্যাস নিয়মিত চর্চা করা যেতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শভিত্তিক এমন ১০টি কার্যকর উপায় হলো-
১. কথা বলার আগে ভাবুন
রাগের মুহূর্তে এমন কথা বলে ফেলা সহজ, যা পরে অনুশোচনার কারণ হতে পারে। তাই উত্তেজিত অবস্থায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে নিজের চিন্তা গুছিয়ে নিন। একই সুযোগ অন্যদেরও দিন।
২. শান্ত হয়ে নিজের কথা বলুন
রাগ কিছুটা কমে এলে নিজের উদ্বেগ বা হতাশার কথা স্পষ্টভাবে জানান। তবে অভিযোগ বা আক্রমণাত্মক ভাষা ব্যবহার না করে নিজের প্রয়োজন ও অনুভূতি সরাসরি প্রকাশ করুন।
৩. শরীরচর্চা করুন
শারীরিক কার্যকলাপ মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। রাগ বাড়তে থাকলে দ্রুত হাঁটা, দৌড়ানো কিংবা পছন্দের কোনো শারীরিক কাজে কিছু সময় কাটাতে পারেন।
৪. কিছুক্ষণ বিরতি নিন
চাপের মুহূর্তে ছোট একটি বিরতিও মানসিকভাবে শান্ত হতে সাহায্য করতে পারে। দিনের ব্যস্ত বা চাপপূর্ণ সময়ে কয়েক মিনিটের জন্য নিজেকে পরিস্থিতি থেকে দূরে রাখুন। এতে পরবর্তী পরিস্থিতি আরও ঠান্ডা মাথায় সামলানো সম্ভব হয়।
৫. সমস্যার সমাধানে মনোযোগ দিন
কী কারণে রাগ হয়েছে, সেটি নিয়ে বারবার চিন্তা না করে সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজুন। তবে সবকিছু নিজের ইচ্ছামতো পরিবর্তন করা সম্ভব নয়, এ বিষয়টিও মেনে নিতে হবে। কোন বিষয় নিজের নিয়ন্ত্রণে আর কোনটি নয়, সে সম্পর্কে বাস্তববাদী হওয়া জরুরি।
৬. ক্ষোভ পুষে রাখবেন না
দীর্ঘদিনের রাগ ও ক্ষোভ মানসিকভাবে আরও চাপ তৈরি করতে পারে। তাই সম্ভব হলে ক্ষমা করে পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। এতে ব্যক্তিগত তিক্ততা কমার পাশাপাশি সম্পর্কও শক্তিশালী হতে পারে।
রাগ সম্পূর্ণভাবে এড়িয়ে চলা সম্ভব নয়। তবে কখন রাগ হচ্ছে, কেন হচ্ছে এবং কীভাবে প্রতিক্রিয়া জানানো উচিত—এসব বিষয়ে সচেতন হলে রাগকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।



