পড়তে বসেছেন, কিন্তু কিছুক্ষণ পরই মন চলে যাচ্ছে অন্যদিকে। একটু আগে পড়া বিষয় মনে করতে গিয়ে আটকে যাচ্ছেন। কারও কথা মন দিয়ে শুনেছেন, অথচ কিছুক্ষণ পরই ভুলে যাচ্ছেন গুরুত্বপূর্ণ তথ্য। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। পড়াশোনা, কাজ কিংবা দৈনন্দিন কথাবার্তায় মনোযোগের ঘাটতি থাকলে তথ্য মনে রাখাও কঠিন হয়ে পড়ে।
বয়স বাড়ার সঙ্গে চিন্তার গতি ও স্মৃতিশক্তিতে কিছু পরিবর্তন আসতে পারে। হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫ বছর বয়স থেকেই স্মৃতিশক্তি কমতে শুরু করতে পারে। তবে মনোযোগ ধরে রাখা ও তথ্য মনে রাখার ক্ষেত্রে কিছু সাধারণ অভ্যাস সহায়ক হতে পারে। যেমন -
কথা শুনুন মনোযোগ দিয়ে
হার্ভার্ডের পরামর্শ, কেউ কথা বলার সময় তার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শোনা জরুরি। কোনো কথা বুঝতে অসুবিধা হলে আবার বলতে অনুরোধ করা যেতে পারে। প্রয়োজনে একটু ধীরে কথা বলতেও বলা যায়। এতে কথার অর্থ বুঝতে সুবিধা হয় এবং গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখার সম্ভাবনাও বাড়ে।
বিশেষ করে কারও কাছ থেকে সময়, স্থান কিংবা কোনো কাজের নির্দেশনা শোনার সময় মনোযোগ ধরে রাখা জরুরি। কারণ, তথ্যটি ঠিকমতো বোঝা না গেলে পরে মনে করার সময়ও বিভ্রান্তি তৈরি হতে পারে।
শোনা কথা নিজের ভাষায় বলুন
কোনো তথ্য মনে রাখার সহজ একটি উপায় হলো সেটি নিজের ভাষায় আবার বলা। এতে কথাটি ঠিকমতো বুঝতে পেরছেন কিনা, তা যাচাই করা যায়।
হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের প্রতিবেদনে এ বিষয়ে একটি উদাহরণ দেওয়া হয়েছে। ধরা যাক, কেউ বললেন, সন্ধ্যা সাড়ে সাতটায় থিয়েটারে অথবা সাতটা পঞ্চাশে অন্য কোথাও সিনেমা দেখতে যাওয়ার কথা। এক্ষেত্রে কখন কোথায় যাওয়ার কথা বলা হয়েছে, তা নিজের ভাষায় আবার বললে সময় ও জায়গা মনে রাখা সম্ভব হবে।
পড়া ও কাজের জন্য বেছে নিন শান্ত পরিবেশ
পড়ার সময় পাশে টেলিভিশন চলছে, ফোনে বারবার নোটিফিকেশন আসছে কিংবা আশপাশে কথাবার্তা হচ্ছে - এমন পরিস্থিতিতে মনোযোগ ধরে রাখা কঠিন। বারবার মন অন্যদিকে চলে গেলে পড়ার ধারাবাহিকতা নষ্ট হয়। ফলে একই বিষয় বারবার পড়তে হলেও তা মনে রাখা কঠিন হয়ে পড়ে।
এ কারণে পড়াশোনা কিংবা গুরুত্বপূর্ণ কাজের জন্য তুলনামূলক শান্ত জায়গা বেছে নেওয়া ভালো। পড়ার সময় টেলিভিশন বন্ধ রাখা, ফোনের নোটিফিকেশন বন্ধ করা এবং অপ্রয়োজনীয় শব্দ থেকে দূরে থাকার চেষ্টা করা যেতে পারে।
শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয়, কারও সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করার সময়ও শান্ত পরিবেশ সহায়ক। এতে কথার দিকে মনোযোগ দেওয়া সহজ হয় এবং তথ্যের গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ার আশঙ্কা কমে।
একসঙ্গে অনেক কাজ না করে একটিতে মন দিন
একই সময়ে পড়া, ফোন দেখা, বার্তার উত্তর দেওয়া কিংবা অন্য কোনো কাজ করতে গেলে মনোযোগ বারবার এক কাজ থেকে অন্য কাজে চলে যায়। এতে প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় মনোযোগ দেওয়া কঠিন হতে পারে। পড়ার সময় এমনটা হলে বিষয়টি বুঝতে এবং পরে মনে করতে সমস্যা হতে পারে। তাই একবারে একটি কাজ করার অভ্যাস গড়ে তোলা ভালো। পড়তে বসলে পড়াতেই মন দিন। বারবার ফোন দেখা বা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়া এড়িয়ে চলুন। কেউ কিছু জানতে চাইলে সম্ভব হলে পড়া শেষ করে উত্তর দিন।
একটি কাজ শেষ করে অন্য কাজে মন দিলে পড়া বোঝা ও মনে রাখা সহজ হয়।
স্মৃতিশক্তি ধরে রাখতে মনোযোগ কেন জরুরি
হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের প্রধান চিকিৎসা সম্পাদক ড. হাওয়ার্ড ই. লেউইনের মতে, কোনো তথ্য মনোযোগ দিয়ে শোনা বা ভালোভাবে বুঝতে না পারলে তা মনে রাখাও কঠিন হয়।
তাই স্মৃতিশক্তি ও মনোযোগ ধরে রাখতে প্রতিদিনের অভ্যাসে ছোট কিছু পরিবর্তন আনা যেতে পারে। কথা মন দিয়ে শোনা, শোনা তথ্য নিজের ভাষায় বলা, শান্ত পরিবেশে পড়া বা কাজ করা এবং একবারে একটি কাজে মন দেওয়া - এই চারটি অভ্যাস দিয়ে শুরু করা যায়। নিয়মিত চর্চায় এগুলো দৈনন্দিন কাজের তথ্য বুঝতে ও মনে রাখতে সহায়ক হতে পারে।