টাকার অভাবে কমে বুদ্ধিমত্তা: বিজ্ঞানীরা যা বললেন

আর্থিক টানাপোড়েন কেবল মানুষের পকেটই খালি করে না, তার চিন্তা করার ক্ষমতাকেও দুর্বল করে দেয়। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। ২০১৩ সালে বিখ্যাত বিজ্ঞান সাময়িকী “সায়েন্স” এ গবেষণাটি প্রকাশিত হয়। দুটি ভিন্ন পরিবেশে চালানো এই পরীক্ষার একটি হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি শপিং মলে, অন্যটি ভারতের আখ চাষীদের ওপর।

শপিং মলের পরীক্ষায় একদল মানুষকে বেশ কিছু আর্থিক সমস্যার সমাধান করতে দেওয়া হয়। সহজ অঙ্কগুলো ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই সমাধান করতে পারেন। কিন্তু জটিল ও বড় অঙ্কের ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষেরা তুলনামূলক খারাপ ফল করেন।

ভারতে আখ চাষীদের ওপর চালানো পরীক্ষায়ও একই চিত্র দেখা যায়। আখ চাষীরা বছরে একবার ফসল বিক্রি করে বড় অঙ্কের টাকা আয় করেন। কিন্তু ফসল বোনার আগের সময়টায় তারা চরম অর্থকষ্টে থাকেন। পরীক্ষায় দেখা গেছে, অভাবের এই সময়ে তাদের আইকিউ অন্য সময়ের তুলনায় ১৩ পয়েন্ট কম থাকে। ফসল বিক্রির পর আবার তাদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা বেড়ে যায়। বছরের পর বছর এই চক্র চলতে থাকে।

গবেষণায় বলা হয়েছে, অর্থচিন্তার কারণে আইকিউ কমে গিয়ে যে বুদ্ধিবৃত্তিক ক্ষতি হয়, তা এক রাত না ঘুমানোর কারণে হওয়া ক্ষতির সমতুল্য। অর্থাৎ অভাবের চাপ মানুষের সিদ্ধান্ত নেওয়ার ও সমস্যা সমাধানের সক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে।