শীত আসতে না আসতেই অনেকের পায়ের গোড়ালি শুষ্ক হয়ে ফাটতে শুরু করে। কারও ক্ষেত্রে ত্বক শুধু রুক্ষ হয়ে যায়, আবার কারও গোড়ালিতে দেখা দেয় গভীর ফাটল। অনেকের সারা বছরই কমবেশি এ সমস্যা থাকে। তবে শীতকালে তা আরও বেড়ে যায়। বিশেষ করে পায়ের পাতার তলদেশ ও গোড়ালিতে ফাটল দেখা দেয়। কখনো এ সমস্যা এতটাই বাড়ে যে হাঁটাচলা করতেও অস্বস্তি হয়।
পায়ের গোড়ালি ফাটলে ব্যথা, জ্বালাপোড়া, এমনকি রক্তপাতও হতে পারে। বিশেষ করে যাঁদের দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করতে হয়, যাঁরা খালি পায়ে হাঁটেন কিংবা পায়ের ত্বকের নিয়মিত যত্ন নেন না, তাঁদের এ সমস্যা বেশি দেখা দিতে পারে।
পায়ের গোড়ালি ফাটার অন্যতম কারণ ত্বকের আর্দ্রতা কমে যাওয়া। তবে নিয়মিত যত্ন ও কিছু অভ্যাসে পরিবর্তন আনলে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে চর্মরোগ বিশেষজ্ঞ অরিত্র সরকার পা ফাটার সমস্যা এড়াতে কয়েকটি পরামর্শ দিয়েছেন। পাশাপাশি পায়ের ত্বকের যত্নে মেনে চলতে পারেন আরও কিছু নিয়ম।
পা ফাটার সমস্যা এড়াতে যা করবেন
নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন
পায়ের ত্বক শুষ্ক হয়ে গেলে গোড়ালি ফাটার ঝুঁকি বাড়ে। তাই প্রতিদিন পা পরিষ্কার করার পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। বিশেষ করে গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে পায়ের গোড়ালিতে ক্রিম লাগাতে পারেন।
ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত ফুট ক্রিম শুষ্ক ও শক্ত হয়ে যাওয়া ত্বক নরম করতে সাহায্য করতে পারে। তবে গভীর ফাটল বা ক্ষত থাকলে এসব উপাদান ব্যবহারে জ্বালাপোড়া হতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
রাতে পায়ে ভ্যাসলিন লাগান
পায়ের গোড়ালি অতিরিক্ত শুষ্ক হলে রাতে ঘুমানোর আগে পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন ব্যবহার করতে পারেন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। প্রথমে পা পরিষ্কার করে শুকিয়ে নিন। এরপর গোড়ালিতে ভ্যাসলিনের একটি পুরু স্তর লাগিয়ে পরিষ্কার সুতির মোজা পরে ঘুমাতে পারেন। এতে সারা রাত পায়ের ত্বক আর্দ্র থাকবে। ফাটা জায়গায় ভ্যাসলিন ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক অরিত্র সরকার।
পা পরিষ্কার ও শুকনো রাখুন
পায়ের পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। বাইরে থেকে ফেরার পর ভালোভাবে পা পরিষ্কার করুন। সাবান দিয়ে পায়ের তলা ও আশপাশের অংশ ধুয়ে নিন। চিকিৎসক অরিত্র সরকারও পা ভালোভাবে পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন। তবে অতিরিক্ত গরম পানি কিংবা দীর্ঘ সময় ধরে পানিতে পা ভিজিয়ে রাখা এড়িয়ে চলুন। পা ধোয়ার পর বিশেষ করে আঙুলের ফাঁকগুলো ভালোভাবে মুছে শুকিয়ে নিন।
শক্ত ও মৃত চামড়া সাবধানে পরিষ্কার করুন
গোড়ালিতে শক্ত ও পুরু চামড়া জমলে তা ফাটার সমস্যা বাড়াতে পারে। এ ক্ষেত্রে কুসুম গরম পানিতে অল্প সময় পা ভিজিয়ে রেখে পিউমিস স্টোন বা ফুট ফাইল দিয়ে আলতোভাবে শক্ত চামড়া পরিষ্কার করা যায়। তবে ব্লেড, কাঁচি কিংবা ধারালো কিছু দিয়ে গোড়ালির চামড়া কাটবেন না। এতে ক্ষত ও সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। গোড়ালিতে গভীর ফাটল থাকলে ঘষাঘষি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
সুতির মোজা ও পা ঢাকা জুতা পরুন
পায়ে ধুলাবালি ও ময়লা জমলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তাই বাড়িতে কিংবা বাইরে - দুই জায়গাতেই সুতির মোজা পরার পরামর্শ দিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ অরিত্র সরকার। এতে পায়ে ধুলাবালি কম লাগবে। তবে মোজা নিয়মিত পরিষ্কার করতে হবে।
এছাড়া পা ঢাকা থাকে এমন ওয়াশেবল কভারযুক্ত জুতা ব্যবহার করতে পারেন। পায়ের গোড়ালিকে ভালোভাবে ধরে রাখে এমন আরামদায়ক জুতা পরুন। দীর্ঘ সময় খালি পায়ে হাঁটা এবং অতিরিক্ত খোলা পেছনের স্যান্ডেল ব্যবহার এড়িয়ে চলুন।
নারকেল তেল ও মোমের মিশ্রণ ব্যবহার করুন
ফাটা জায়গায় একটি মিশ্রণ ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এ জন্য গলানো মোমের সঙ্গে এক চামচ নারকেল তেল, এক চামচ অলিভ অয়েল এবং অল্প মধু মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ফাটা জায়গায় লাগিয়ে সারা রাত রেখে দিতে পারেন। সকালে ঘুম থেকে উঠে আস্তরণটি তুলে ফেলতে হবে।এছাড়া ফাটা জায়গায় গরম নারকেল তেল ব্যবহারের পরামর্শও দিয়েছেন তিনি।
সমস্যা বাড়লে চিকিৎসকের পরামর্শ নিন
পায়ের গোড়ালি ফাটার সমস্যা বেশি হলে মেডিকেটেড ক্রিম ব্যবহার করা যেতে পারে। তবে কোন ধরনের ক্রিম ব্যবহার করবেন, তা চিকিৎসকের কাছ থেকে জেনে নেওয়া ভালো।
গোড়ালির ফাটল গভীর হলে, ব্যথা বা রক্তপাত হলে কিংবা ক্ষতস্থানে লালচে ভাব, ফোলা বা পুঁজ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পায়ের যত্নে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। চিকিৎসক অরিত্র সরকার ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের অল্প গরম পানিতে পা ডুবিয়ে রেখে মৃদু সাবান দিয়ে পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন। এরপর নারকেল তেল বা ক্রিম লাগিয়ে পায়ের ত্বক নরম রাখতে বলেছেন তিনি।
পায়ের যত্নে অবহেলা নয়
শীতকালে পায়ের ত্বক শুষ্ক হয়ে ফাটার সমস্যা বাড়তে পারে। তাই সমস্যা দেখা দেওয়ার পর যত্ন নেওয়ার পাশাপাশি নিয়মিত পায়ের ত্বক আর্দ্র রাখা, পরিষ্কার রাখা এবং আরামদায়ক জুতা ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন। বিশেষ করে ডায়াবেটিস থাকলে পায়ের কোনো ফাটল বা ক্ষত অবহেলা করবেন না। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।