‘ডেটিং ডাউন’ কী? আপনার সম্পর্কেও কি লুকিয়ে আছে এই লক্ষণগুলো

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম ও সম্পর্কের নানা সমীকরণ বোঝাতে প্রায়ই নতুন নতুন শব্দের প্রচলন হচ্ছে। এমনই একটি আলোচিত শব্দ ‘ডেটিং ডাউন’। শব্দটির প্রচলিত অর্থ হলো নিজের তুলনায় কম আয়, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক মর্যাদা কিংবা বাহ্যিক আকর্ষণ রয়েছে - এমন কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো। তবে সাম্প্রতিক আলোচনায় শব্দটি দিয়ে আরও একটি বিষয় বোঝানো হচ্ছে। তা হলো, সম্পর্কে নিজের প্রাপ্য ভালোবাসা, যত্ন, বিশ্বস্ততা ও মানসিক সমর্থন না পাওয়া।

কিন্তু সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আর্থিক সামর্থ্য, শিক্ষা কিংবা সামাজিক অবস্থানের পার্থক্যই কি সম্পর্কের মান নির্ধারণ করে? নাকি দুজনের মধ্যে মানসিক বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতাই বেশি গুরুত্বপূর্ণ? সম্পর্কের ক্ষেত্রে কাউকে নিজের চেয়ে নিচু বা উঁচু অবস্থানে রাখার ধারণা কতটা যুক্তিসংগত?

পার্থক্য আর সম্পর্কের ভারসাম্য এক নয়

দুজন মানুষের আর্থিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা কিংবা সামাজিক অবস্থান এক রকম না-ও হতে পারে। কিন্তু এসব পার্থক্য দিয়ে কাউকে ভালো বা খারাপ সঙ্গী হিসেবে বিচার করা যায় না। ভিন্ন পারিবারিক ও সামাজিক পরিবেশ থেকে আসা দুজন মানুষও পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারেন।

একজনের আয় অন্যজনের চেয়ে কম হতে পারে কিংবা শিক্ষাগত যোগ্যতায় ব্যবধান থাকতে পারে। এগুলো স্বাভাবিক পার্থক্য। কিন্তু সম্পর্কে দায়িত্ব এড়িয়ে যাওয়া, সঙ্গীর মতামতকে গুরুত্ব না দেওয়া, বিশ্বস্ততার অভাব কিংবা মানসিকভাবে পরিণত হওয়ার চেষ্টা না করা সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে।

মনোবিদদের আলোচনায়ও সম্পর্কের ক্ষেত্রে বাহ্যিক অবস্থানের চেয়ে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার গুরুত্ব উঠে এসেছে। কারণ, একজনের তুলনায় অন্যজনের আর্থিক বা সামাজিক অবস্থান ভালো হলেই তিনি যে ভালো সঙ্গী হবেন, এমন নিশ্চয়তা নেই।

নিজেকে শ্রেষ্ঠ ভাবলে সম্পর্কে তৈরি হয় দূরত্ব

কোনো একজন সঙ্গীর মনে যদি সব সময় এমন ধারণা কাজ করে যে তিনি চাইলে এর চেয়ে ভালো কাউকে পেতে পারতেন, তাহলে সম্পর্কের ভিত দুর্বল হতে পারে। অন্যদিকে, যাকে তুলনামূলক কম যোগ্য মনে করা হচ্ছে, তার মধ্যে নিজেকে প্রমাণ করার চাপ তৈরি হতে পারে।

এ ধরনের মানসিকতা ধীরে ধীরে সম্পর্কে অবজ্ঞা ও তাচ্ছিল্যের জন্ম দিতে পারে। এক পক্ষ নিজেকে অন্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করেন। ফলে তার মতামত ও চাওয়াকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এমনকি সম্পর্ক টিকিয়ে রাখতে ছোটখাটো ছাড় দেওয়াকেও তিনি নিজের বড় অবদান হিসেবে দেখাতে পারেন। অন্যদিকে, একজন সঙ্গী যদি অন্যজনের কাছ থেকে যথেষ্ট ভালোবাসা, যত্ন ও আন্তরিকতা না পান, তাহলে সম্পর্কের ভারসাম্য আরও নষ্ট হতে পারে।

‘ডেটিং ডাউন’ এর ৭ লক্ষণ

যুক্তরাষ্ট্রের চিকিৎসক, অধ্যাপক ও লেখক ব্রুস ওয়াই. লি তার সাইকোলজি টুডে-তে প্রকাশিত ‘7 Signs of Dating Down’ শীর্ষক নিবন্ধে এমন সম্পর্কের সাতটি লক্ষণ তুলে ধরেছেন। তার ব্যাখ্যায়, এখানে মূল বিষয় কারও আর্থিক বা সামাজিক অবস্থান নয়; বরং সম্পর্কের ভেতরে যত্ন, বিশ্বস্ততা, সহমর্মিতা ও আন্তরিকতা পাওয়া যাচ্ছে কি না।

১. সম্পর্কের পক্ষে বারবার যুক্তি দেখাতে হয়

কাছের বন্ধুদের কাছে কিংবা নিজের মনেই কাছেই বারবার ব্যাখ্যা করতে হয়, কেন এই মানুষটির সঙ্গে সম্পর্কে রয়েছেন? বিশেষ করে, সম্পর্কের কিছু মৌলিক বিষয়কে বড় প্রাপ্তি  হিসেবে দেখাতে হলে বিষয়টি নিয়ে ভাবা প্রয়োজন। যেমন, ‘অন্তত সে আমার সঙ্গে প্রতারণা করবে না’ কিংবা ‘অন্তত একা থাকতে হচ্ছে না’ - এ ধরনের যুক্তি দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছেন কি না, ভেবে দেখুন।

ব্রুস ওয়াই. লির মতে, সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ততা ও আন্তরিকতার মতো বিষয়গুলো স্বাভাবিক প্রত্যাশা। এগুলোকে বড় প্রাপ্তি হিসেবে দেখিয়ে সম্পর্কের পক্ষে যুক্তি দাঁড় করানো উচিত নয়।

২. সঙ্গীর কাছে সঙ্গীর চেয়ে পরামর্শক বেশি মনে হয়

সম্পর্কে একে অন্যকে সহযোগিতা করা স্বাভাবিক। কিন্তু সব সময় যদি আপনাকেই সঙ্গীর থেরাপিস্ট, ক্যারিয়ার পরামর্শক, শিক্ষক কিংবা সমস্যার সমাধানকারী হতে হয়, তাহলে বিষয়টি ভাবার মতো।

আপনি কি সব সময় তার সমস্যার সমাধান করছেন? ক্যারিয়ার গুছিয়ে দেওয়া থেকে শুরু করে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া - সবকিছুতেই কি আপনাকেই দায়িত্ব নিতে হচ্ছে? অথচ আপনার প্রয়োজনের সময় তাঁকে পাশে পাওয়া যাচ্ছে না?

ব্রুস ওয়াই. লির মনে করেন, অন্যকে সাহায্য করা ভালো বিষয়। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা একতরফা হয়ে গেলে তা আর স্বাভাবিক দেওয়া-নেওয়ার মধ্যে থাকে না। দুজনেরই একে অন্যের পাশে দাঁড়ানো প্রয়োজন।

৩. ভালো খবরও সঙ্গীকে জানাতে দ্বিধা হয় 

নিজের কোনো সাফল্য বা আনন্দের খবর কাছের মানুষের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছা করে। তাদের কাছ থেকে উৎসাহ ও আনন্দ পাওয়ার প্রত্যাশাও থাকে। কিন্তু সঙ্গী ঈর্ষান্বিত হতে পারেন, প্রতিযোগিতা শুরু করতে পারেন কিংবা আপনার সাফল্যে অস্বস্তি বোধ করতে পারেন - এমন আশঙ্কায় যদি ভালো খবর জানাতে দ্বিধা হয়, তাহলে সম্পর্কটি নিয়ে ভাবা প্রয়োজন।

ব্রুস ওয়াই. লি বলছেন, যারা নিজের ভেতরে নিরাপত্তাহীনতায় ভোগেন, তারা কখনো কখনো সঙ্গীকে উৎসাহিত করার পরিবর্তে তাকে পিছিয়ে রাখার চেষ্টা করেন। কারণ নিজের উন্নতি করার চেয়ে অন্যকে ছোট করে রাখা তাঁদের কাছে সহজ মনে হতে পারে।

৪. সঙ্গী একদিন বদলে যাবেন, সেই আশায় থাকেন

হয়তো ভাবছেন, সময়ের সঙ্গে সঙ্গী আরও পরিণত হবেন, আপনার অনুভূতি বুঝবেন, বেশি যত্নশীল হবেন কিংবা সম্পর্কের প্রতি আরও দায়িত্বশীল হয়ে উঠবেন। হয়তো আশা করছেন, তিনি আরও বিশ্বস্ত হবেন, আপনার জন্য সময় দেবেন কিংবা যাদের কারণে সম্পর্কে সমস্যা তৈরি হচ্ছে, তাদের সঙ্গ ত্যাগ করবেন।

কিন্তু ভবিষ্যতে তিনি বদলে যাবেন - এই আশায় বর্তমান সম্পর্ক চালিয়ে যাওয়া কতটা যুক্তিসংগত, তা ভেবে দেখা দরকার। ব্রুস ওয়াই. লির মতে, ভবিষ্যতে সঙ্গী কেমন হবেন, সেই সম্ভাবনার ওপর ভিত্তি করে সম্পর্ক চালিয়ে যাওয়া ঠিক নয়। কারণ আপনি বর্তমানে যে মানুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন, তাকে তার বর্তমান আচরণ ও বাস্তবতা দিয়েই মূল্যায়ন করা উচিত।

৫. দুজনের মধ্যে আন্তরিকতা ও প্রচেষ্টার বড় ব্যবধান

সম্পর্কে দুজনেরই চেষ্টা করা প্রয়োজন। কিন্তু একজন যদি সব সময় সময় দেন, যত্ন নেন, পরিকল্পনা করেন এবং অন্যজন এসবের প্রতি উদাসীন থাকেন, তাহলে সম্পর্কে ভারসাম্য থাকে না। বিশ্বস্ততা, যত্ন, প্রচেষ্টা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা - এসব বিষয়ে দুজনের মধ্যে বড় ব্যবধান তৈরি হতে পারে।

পরিস্থিতি আরও জটিল হয়, যখন একজন সঙ্গী অন্যজনের কাছ থেকে আর কোনো প্রত্যাশাই করেন না। যেমন, নিজের জন্মদিনে বিশেষ কিছু আশা না করা, অথচ অন্যজনের জন্মদিনে রেস্তোরাঁ ভাড়া করে আয়োজন করা। একজনের কাছ থেকে যতটা আন্তরিকতা আশা করা হয়, অন্যজনের ক্ষেত্রে সেই প্রত্যাশা না থাকাও সম্পর্কের অসমতার লক্ষণ হতে পারে।

ব্রুস ওয়াই. লির মতে, সম্পর্কে কোনো মৌলিক বিষয় অনুপস্থিত থাকলে এবং একজনকে বারবার সেই ঘাটতি পূরণের চেষ্টা করতে হলে সেটি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

৬. সঙ্গীর সঙ্গে থাকলে নিজেকে দুর্বল মনে হয়

একটি সুস্থ সম্পর্কে সঙ্গীর উপস্থিতি আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়াতে পারে। তার সঙ্গে থাকলে নিজের লক্ষ্য অর্জনে উৎসাহ পাওয়া যায় এবং ভবিষ্যৎ নিয়েও ইতিবাচক থাকা সম্ভব হয়। কিন্তু উল্টোটা ঘটলে সতর্ক হওয়া প্রয়োজন। সঙ্গীর সঙ্গে থাকার কারণে যদি আত্মবিশ্বাস কমে যায়, নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি হয় কিংবা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ে, তাহলে সম্পর্কটি আপনার ওপর কী প্রভাব ফেলছে, তা ভেবে দেখা দরকার।

ব্রুস ওয়াই. লি ২০২২ সালে প্রকাশিত তার আরেকটি লেখায় বলেছিলেন, উপযুক্ত সঙ্গীর সঙ্গে থাকলে একজন মানুষ একা থাকার তুলনায় নিজেকে আরও শক্তিশালী অনুভব করতে পারেন। সেই ধারণার বিপরীতে তিনি মনে করেন, সঙ্গীর সঙ্গে থাকার কারণে যদি নিজেকে দুর্বল মনে হয়, তাহলে সম্পর্কটি নিয়ে নতুন করে ভাবা প্রয়োজন।

৭. মনের ভেতর থেকেই মনে হয়, ভুল সম্পর্কে রয়েছেন

অনেক সময় কোনো নির্দিষ্ট ঘটনা দিয়ে সম্পর্কের সমস্যা ব্যাখ্যা করা কঠিন হয়। তবু মনের ভেতর একধরনের অস্বস্তি কাজ করে। সঙ্গীর সঙ্গে থাকতে অস্বস্তি, তাকে নিয়ে হতাশা কিংবা সম্পর্ককে পরবর্তী ধাপে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দ্বিধা তৈরি হতে পারে। কখনো নিজের সম্পর্কের অবস্থান নিয়েও বিব্রত বোধ হতে পারে।

ব্রুস ওয়াই. লির মতে, নিজের অন্তর্দৃষ্টি বা মনের ভেতরের অনুভূতিকেও গুরুত্ব দেওয়া উচিত। সম্পর্কটি নিয়ে বারবার অস্বস্তি তৈরি হলে সেই অনুভূতির কারণ খুঁজে দেখা প্রয়োজন।

স্ট্যাটাসের চেয়ে সামঞ্জস্য কেন জরুরি?

সম্পর্কে কে কার চেয়ে বেশি যোগ্য কিংবা কে কাকে কতটা ছাড় দিচ্ছেন, সেই হিসাবের চেয়ে দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বেশি গুরুত্বপূর্ণ। সম্পর্কের উভয় পক্ষই সমান গুরুত্ব পাচ্ছেন কি না, দুজনই সম্পর্কটি টিকিয়ে রাখতে আন্তরিকভাবে চেষ্টা করছেন কি না - সেদিকে নজর দেওয়া প্রয়োজন।

দুজন মানুষের মধ্যে কিছু পার্থক্য থাকবেই। তবে সেই পার্থক্য যেন অসম্মান, অবহেলা কিংবা সম্পর্কের জটিলতার কারণ হয়ে না দাঁড়ায়। আয়, শিক্ষা, বাহ্যিক সৌন্দর্য কিংবা সামাজিক অবস্থানের মতো বিষয়কে সঙ্গী নির্বাচনের একমাত্র মাপকাঠি হিসেবে দেখা ঠিক নয়।

একটি সুস্থ সম্পর্কের ভিত্তি তৈরি হয় পারস্পরিক শ্রদ্ধা, মানসিক বোঝাপড়া এবং দুজনের সমান অংশগ্রহণের মধ্য দিয়ে। তাই শুধু একা থাকার ভয় কিংবা ভবিষ্যতে সঙ্গী বদলে যাবেন - এই আশায় এমন সম্পর্কে পড়ে থাকা উচিত নয়, যেখানে নিজের প্রাপ্য ভালোবাসা, যত্ন ও সম্মান পাওয়া যাচ্ছে না। নিজের ভালো থাকা, ব্যক্তিগত বিকাশ ও আত্মমর্যাদাকে গুরুত্ব দেওয়াও সম্পর্কের মতোই জরুরি।