দ্রুত ওজন কমানো কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অনেকেই বর্তমানে ‘কিটো ডায়েট’ বেছে নিচ্ছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এর প্রয়োজনীয়তা, সঠিক মাত্রা ও কার্যকারিতা যাচাই না করেই এ খাদ্যাভ্যাস অনুসরণ করা হচ্ছে। ফলে অনেক রোগীর শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠছে। এমনকি ইনসুলিন বন্ধ করে দিয়ে কিটো ডায়েট মেনে চলার পরামর্শ দেওয়ায় এক রোগীর মৃত্যুর অভিযোগও সম্প্রতি সরকারের নজরে এসেছে এবং এ নিয়ে তদন্ত চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এ পদ্ধতি সবার জন্য উপযোগী নয় এবং দীর্ঘমেয়াদে এটি পুষ্টির ঘাটতিসহ নানা শারীরিক জটিলতা তৈরি করতে পারে। বিডিনিউজ ২৪ এর একটি প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
কিটো ডায়েটের মূল মন্ত্র হলো কার্বোহাইড্রেট বা শর্করা এড়িয়ে চলা। এ পদ্ধতিতে কার্বোহাইড্রেট গ্রহণ সীমিত করার ওপর জোর দেওয়া হয়, যেন শরীর ‘কিটোসিস’ পর্যায়ে প্রবেশ করে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান এম এ হালিম খান জানান, কিটো ডায়েটে কার্বোহাইড্রেট অত্যন্ত কম (সাধারণত মোট ক্যালরির ১০ শতাংশের কম বা দিনে ২০-৫০ গ্রাম) থাকে এবং খাদ্যের বড় অংশ ফ্যাট থেকে আসে। ফলে শরীর গ্লুকোজের পরিবর্তে ফ্যাট ভাঙতে শুরু করে এবং লিভার থেকে ‘কিটোন বডি’ তৈরি হয়। একে ‘নিউট্রিশনাল কিটোসিস’ বলা হয়। তবে এটি কোনো সার্বজনীন খাদ্যাভ্যাসের রুটিন বা ওষুধ নয়।
পুষ্টিবিদ সিরাজাম মুনিরা বলেন, “কিটো ডায়েট উন্মুক্ত কোনো খাদ্যাভ্যাস নয়। স্বাভাবিক খাদ্যাভ্যাস পরিবর্তন করে হুট করে এ ধরনের ডায়েটে শিফট করলে জটিলতা সৃষ্টি হতে পারে।” চলতি বছরের জানুয়ারিতে ‘নিউট্রিয়েন্টস’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণার পর্যালোচনাতেও বলা হয়েছে, দীর্ঘমেয়াদে এই খাদ্যাভ্যাস মেনে চললে পুষ্টির ঘাটতি হতে পারে, বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি যা হাড়ের স্বাস্থ্যের ওপর প্রতিকূল প্রভাব ফেলতে পারে। তাই চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয়তা ও বিশেষজ্ঞের তত্ত্বাবধান ছাড়া সুস্থ ব্যক্তিরও এটি ব্যবহার করা উচিত নয়।
বাংলাদেশে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ থেকে ১ কোটি ৩৯ লাখ। এদের অনেকে দীর্ঘদিন ওষুধ ও ইনসুলিন নিয়ে হতাশ হয়ে ভিন্ন ডায়েটের পরামর্শ নিচ্ছেন। কিন্তু শরীরের অবস্থা পর্যবেক্ষণ না করে কিটো ডায়েট গ্রহণ করা এবং হুট করে ইনসুলিন বন্ধ করে দেওয়া অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
ডা. হালিম খান জানান, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে সবচেয়ে ভয়ংকর বিষয় হলো ‘ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস’ বা ডিকেএ, যা ডায়াবেটিসের একটি অত্যন্ত জটিল পরিস্থিতি এবং এতে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। হঠাৎ ইনসুলিন বন্ধ করে দিলে শরীরে ইনসুলিনের ঘাটতির কারণে কোষগুলো পর্যাপ্ত গ্লুকোজ ব্যবহার করতে পারে না, ফলে শরীর চর্বি ভেঙে কিটোন তৈরি করে। কিটোন বেশি জমে রক্ত অম্লীয় হয়ে গেলে ডিকেএ পরিস্থিতি তৈরি হয়।
আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের চিকিৎসা নির্দেশিকাতেও বলা হয়েছে, যেসব ডায়াবেটিস রোগীর কিটোঅ্যাসিডোসিসের ঝুঁকি আছে এবং যারা নির্দিষ্ট ওষুধ সেবন করেন, তাদের কিটো ডায়েট না করাই ভালো। অন্যদিকে, ইনসুলিন বা শর্করা কমানোর ওষুধ সেবনকারী কেউ হঠাৎ খাবারে কার্বোহাইড্রেট অনেক কমিয়ে দিলে রক্তে শর্করা অতিরিক্ত কমে গিয়ে (হাইপোগ্লাইসেমিয়া) অতিরিক্ত ঘাম, কাঁপুনি, দুর্বলতা এমনকি অচেতন হয়ে যাওয়ার মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক রুহুল আমিন বলেন, “ইনসুলিন সেই রোগীকে দেওয়া হয়, যার শরীরে ওই নির্দিষ্ট পরিমাণ ইনসুলিন উৎপন্ন হয় না। ফলে এখানে ইনসুলিন বন্ধ করে কাউকে ডায়েট পরামর্শ দেওয়া খুব ভালো কিছু নয়। কারণ সেই ডায়েটের মাধ্যমে পর্যাপ্ত ইনসুলিন তৈরির কোনো নিশ্চয়তা বা বৈজ্ঞানিক প্রমাণ নেই।” তাই যেকোনো দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসক এবং ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়ার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।