Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডায়াবেটিস নিয়ে যে ৭ বিষয় অনেকেরই অজানা

উদ্বেগের বিষয়, আক্রান্ত অনেকেই জানেন না যে তাদের ডায়াবেটিস হয়েছে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১০:২০ এএম

ডায়াবেটিস বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম স্বাস্থ্যসমস্যা। বাংলাদেশেও বাড়ছে এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট)-এর একটি জরিপে দেখা গেছে, দেশে মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ১০ লাখ। এদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা ২৬ লাখ আর ৩৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা ৮৪ লাখ।

উদ্বেগের বিষয়, আক্রান্ত অনেকেই জানেন না যে তাদের ডায়াবেটিস হয়েছে। আবার রোগটি নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা ও প্রশ্ন। পরিবারে কারও ডায়াবেটিস না থাকলে কি এ রোগ হতে পারে? বেশি মিষ্টি খেলেই কি ডায়াবেটিস হয়? একবার আক্রান্ত হলে কি সারা জীবন ওষুধ বা ইনসুলিন নিতে হবে? ডায়াবেটিস দিবসে জেনে নেওয়া যাক, রোগটি নিয়ে প্রচলিত এমন সাতটি প্রশ্নের উত্তর।

ডায়াবেটিসের লক্ষণ কী, লক্ষণ ছাড়াও কি এ রোগ হতে পারে?

ডায়াবেটিসের ধরন অনুযায়ী লক্ষণের প্রকাশ ভিন্ন হতে পারে। টাইপ-১ ডায়াবেটিসে শরীরে ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে গেলে দ্রুত লক্ষণ দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে ঘন ঘন প্রস্রাব, অতিরিক্ত ক্ষুধা ও পিপাসা, দ্রুত ওজন কমে যাওয়া, ক্লান্তি, অবসাদ, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া এবং বিভিন্ন ধরনের সংক্রমণ।

অন্যদিকে, টাইপ-২ ডায়াবেটিসে অনেক সময় দীর্ঘদিন কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায় না। ফলে আক্রান্ত ব্যক্তি বুঝতেই পারেন না যে তার ডায়াবেটিস হয়েছে। কখনো কিডনি বা হৃদ্‌রোগের মতো জটিলতা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পর পরীক্ষায় ডায়াবেটিস ধরা পড়ে।

বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের বড় অংশই টাইপ-২ রোগী। তাই কোনো লক্ষণ না থাকলেও ঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানো জরুরি।

বাবা-মায়ের ডায়াবেটিস না থাকলেও কি এ রোগ হতে পারে?

পরিবারে বাবা-মা বা নিকটাত্মীয়ের ডায়াবেটিস থাকলে সন্তানদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তবে পারিবারিক ইতিহাস না থাকলেও ডায়াবেটিস হতে পারে।

চিকিৎসকদের মতে, বংশগত কারণ ছাড়াও জীবনযাপন, খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব ও স্থূলতার মতো বিষয় টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। তাই পরিবারে কারও ডায়াবেটিস নেই বলে নিজেকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ভাবার সুযোগ নেই।

বেশি চিনি বা মিষ্টি খেলেই কি ডায়াবেটিস হয়?

ডায়াবেটিস নিয়ে প্রচলিত ধারণাগুলোর মধ্যে এটি অন্যতম। বেশি চিনি খেলেই সরাসরি ডায়াবেটিস হয় - এমন নয়। তবে অতিরিক্ত চিনি ও মিষ্টিজাতীয় খাবার নিয়মিত খেলে ওজন বেড়ে যেতে পারে। স্থূলতা আবার টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

এছাড়া অতিরিক্ত চিনি গ্রহণ হৃদ্‌রোগ ও স্থূলতাসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও সামগ্রিক সুস্থতার জন্য খাবারে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি।

রক্তে শর্করার মাত্রা কত হলে ডায়াবেটিস ধরা পড়ে

রক্তে শর্করার মাত্রা পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস শনাক্ত করা হয়। খালি পেটে রক্তের গ্লুকোজ, ৭৫ গ্রাম গ্লুকোজ পান করার দুই ঘণ্টা পরের রক্তের গ্লুকোজ এবং তিন মাসের গড় শর্করার মাত্রা নির্দেশকারী HbA1c পরীক্ষা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

প্রচলিত চিকিৎসা নির্দেশিকা অনুযায়ী, খালি পেটে রক্তে গ্লুকোজের মাত্রা ৭ মিলিমোল/লিটার বা তার বেশি হলে ডায়াবেটিস হিসেবে বিবেচনা করা হয়। ৭৫ গ্রাম গ্লুকোজ পান করার দুই ঘণ্টা পর এ মাত্রা ১১.১ মিলিমোল/লিটার বা তার বেশি হলেও ডায়াবেটিস শনাক্ত করা যায়।

এছাড়া HbA1c পরীক্ষায় ফল ৬.৫% বা তার বেশি হলে ডায়াবেটিসের নির্ণয় করা হয়। তবে রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা গুরুত্বপূর্ণ।

ডায়াবেটিস হলে কি সারা জীবন ওষুধ বা ইনসুলিন নিতে হয়?

ডায়াবেটিসের ধরন, রোগীর শারীরিক অবস্থা ও রক্তে শর্করার মাত্রার ওপর নির্ভর করে চিকিৎসক ওষুধ বা ইনসুলিনের পরামর্শ দেন।

টাইপ-১ ডায়াবেটিসে শরীরে ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ইনসুলিন গ্রহণ অপরিহার্য। অন্যদিকে টাইপ-২ ডায়াবেটিসে রোগীর অবস্থা অনুযায়ী ওষুধ অথবা ইনসুলিন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, শুধু ডায়াবেটিস শনাক্ত হলেই সবার জন্য একই ধরনের চিকিৎসা প্রযোজ্য নয়। তাই নিজে থেকে ওষুধ বন্ধ করা বা ইনসুলিন নেওয়া শুরু করা উচিত নয়।

খাবার ও ব্যায়াম নিয়ন্ত্রণ করে কি ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব?

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সুষম খাবার, নিয়মিত শারীরিক পরিশ্রম ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

তবে শুধু খাবার নিয়ন্ত্রণ বা ব্যায়াম করলেই সবার ডায়াবেটিস সেরে যাবে, এমন নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞদের মতে, জীবনযাপনে পরিবর্তন রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু টাইপ-২ ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ওজন কমানো ও জীবনযাত্রার পরিবর্তনে রোগের রেমিশন বা দীর্ঘ সময় রক্তে শর্করা স্বাভাবিক পর্যায়ে থাকা সম্ভব। তবে এর অর্থ স্থায়ীভাবে রোগ সেরে যাওয়া নয়।

ডায়াবেটিস ভালো করে দেওয়ার দাবি করে বিভিন্ন গাছের শিকড়, ভেষজ উপাদান বা বিকল্প চিকিৎসার প্রচারণা থেকেও সতর্ক থাকতে হবে।

ডায়াবেটিস শরীরের কোন কোন অঙ্গের ক্ষতি করতে পারে?

দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে না থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনির জটিলতা, দৃষ্টিশক্তি হারানো এবং স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করার পাশাপাশি কিডনি ও চোখের স্বাস্থ্যও পরীক্ষা করা প্রয়োজন। কিডনির অবস্থা জানতে শুধু রক্তে ক্রিয়েটিনিন পরীক্ষা যথেষ্ট নয়; প্রস্রাবে অ্যালবুমিনের উপস্থিতিও পরীক্ষা করা দরকার। একইভাবে চোখের রেটিনা পরীক্ষা করানোও গুরুত্বপূর্ণ।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং শারীরিকভাবে সক্রিয় থাকা জরুরি। রোগটি সম্পর্কে সচেতনতা ও সময়মতো পরীক্ষা জটিলতা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

   

About

Popular Links

x