রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সোসাইটি অব প্রসেস ইঞ্জিনিয়ার্স- রুয়েট (এসপিইআর)-এর যৌথ উদ্যোগে এবং নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী আয়োজিত হলো ক্যারিয়ার ফেস্ট “Career Cruise Season 2.0”।
মঙ্গলবার (৬ আগস্ট) রুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক। তিনি ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুর রহমানসহ অন্যান্য শিক্ষক, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের এইচআর ও শিক্ষার্থীরা।
উদ্বোধনের পর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় “Job Fair” ও “On-campus Recruitment” সেশন। যেখানে দেশের স্বনামধন্য ৭টি শিল্পপ্রতিষ্ঠান (রিমার্ক এইচবি লিমিটেড, রেনেটা পিএলসি, পারফেটি ভ্যান মেলে, রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমেরিকান অ্যান্ড এফার্ড বাংলাদেশ লিমিটেড, মেন্টরস এবং উত্তরণ) অংশগ্রহণ করে।
এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা সরাসরি এসব প্রতিষ্ঠানে তাদের সিভি জমা দেওয়ার সুযোগ পান।
দ্বিতীয় পর্বে বিকেল ৩টা থেকে রুয়েটের অ্যাডমিন বিল্ডিংয়ের ২১৭ নম্বর রুমে আয়োজন করা হয় “ক্যারিয়ার সেমিনার”। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা শিক্ষার্থীদের ইন্টারভিউ কৌশল, ব্যক্তিগত উন্নয়ন, বর্তমান চাকরির বাজারের বাস্তবতা, উচ্চশিক্ষার সুযোগ এবং বিসিএস প্রস্তুতি সম্পর্কিত পরামর্শ দেন।
শিক্ষার্থীদের জন্য একাডেমিক জ্ঞান থেকে প্রফেশনাল জগতে প্রবেশের সেতুবন্ধন তৈরি করা এই দিনব্যাপী আয়োজন নিঃসন্দেহে ছিল এক অনন্য অভিজ্ঞতা এবং বাস্তবমুখী প্রস্তুতির সুযোগ।