রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি) এর শহীদ নকীব হলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর) এর ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
সেনাবাহিনী প্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাকে ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া অভ্যর্থনা জানান।
সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সব অধিনায়কগণের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বীর ইউনিটসমূহের সদস্যগণকে দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশনা প্রদান করেন।
সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘‘বীর ইউনিটসমূহ পদাতিক বাহিনীর মেরুদন্ড হিসেবে কাজ করবে।’’ এছাড়া, তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সব প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, ইবিআরসি; সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; সেনাবাহিনীর সামরিক সচিব; কমান্ড্যান্ট, বিআইআরসি; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; কমান্ড্যান্ট, এসআইএন্ডটি; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টসমূহের অধিনায়কগণ এবং বিভিন্ন সংস্থার সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।



