বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ জন সাংবাদিক

কৃষিবিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন ৯ জন সাংবাদিক। 

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে নির্বাচিত সেরা ৯ সাংবাদিকের হাতে এই অ্যাওয়ার্ড, সনদ ও চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ)। 

২০২৫ সালের ২৪ জানুয়ারি আজকের পত্রিকায় প্রকাশিত লিড স্টোরি ‘লুটপাটে গায়েব ভর্তুকির টাকা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য সাইফুল মাসুম সেরা রিপোর্টার পুরস্কার পেয়েছেন। এই প্রতিবেদনে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশ করা হয়। 

পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন, ইনডিপেনডেন্ট টিভির শাহিদ আহমেদ সোহাগ, প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, জাগো নিউজের ডিএম নাজমুল হুসাইন, সমকালের জাহিদুর রহমান, এটিএন নিউজের ফেরদৌস রহমান, যুগান্তরের ইয়াসিন রহমান ও এখন টিভির সাজিদ আরাফাত। 

আয়োজকেরা জানান, কৃষিবিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান এবং কৃষি সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড দেওয়ার জন্য প্রথমে কৃষি বিটের সাংবাদিকদের কাছ থেকে ২০২৫ সালে প্রকাশিত বিশেষ প্রতিবেদন আহ্বান করা হয়, এরপরে অর্ধশতাধিক প্রতিবেদন থেকে বিচারকেরা বাছাই করে সেরা ৯টি প্রতিবেদন নির্বাচন করেন। 

বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলরের নির্বাহী চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম, সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএআরএফের সাধারণ সম্পাদক কাওসার আজম।