ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের প্রতিবেদক ও নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদশ’র সদস্য রবিউল হাসান এবং তার দুই সহকর্মী প্রতিবেদক আসিফুল ইসলাম রিফাত ও আলোকচিত্র সাংবাদিক আবির আহমেদ সুপ্তকে গাজীপুরের টঙ্গীতে অস্ত্রের মুখে জিম্মি করে নির্যাতন ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর, ২০২৬) সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হাসান ইমন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে গত ৬ নভেম্বর টঙ্গী পশ্চিম থানার অন্তর্গত হাজির মাজার বস্তিতে মাদক কারবারের অনুসন্ধান করতে যান এই তিন সংবাদকর্মী। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে মাদক কেনাবেচার তথ্যপ্রমাণ ও ভিডিও সংগ্রহ করেন তারা। একপর্যায়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের গতিবিধি নজরদারি করে ২০ থেকে ২৫ জনের একদল সশস্ত্র মাদক কারবারি তাদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা মাথার ওপর পিস্তল উঁচিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে অঙ্গচ্ছেদের হুমকি দিয়ে রবিউল হাসানের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সংগৃহীত সব তথ্য-প্রমাণ মুছে ফেলে। এরপর পাশের একটি স্থানে তিনঘণ্টা ধরে তাদের আটকে রেখে বেধড়ক মারধর ও গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়। একপর্যায়ে তাদেরকে চেতনাশক পান করতে বাধ্য করা হয় এবং ব্ল্যাকমেইলিং এর উদ্দেশ্যে সামনে টাকা ও মাদক রেখে ভিডিও ধারণ করে।
পরবর্তীতে মাদক কারবার ও তাদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ না প্রকাশ করার শর্তে তাদেরকে ফের প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে আহত অবস্থায় তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হওয়া একই স্থানে পেশাদার গণমাধ্যমকর্মীদের ওপর বারবার এমন বর্বরোচিত হামলা ও নির্যাতনের পুনরাবৃত্তি নিন্দনীয় এবং ভয়াবহ উদ্বেগজনক। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করতে সংঘবদ্ধ অপরাধী চক্রের এহেন আস্ফালন ও গণমাধ্যমকর্মীদের রক্তাক্ত করার অপচেষ্টা কেবল স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার পথকেই রুদ্ধ করছে না, বরং গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও মতপ্রকাশের স্বাধীনতার ভবিষ্যতের জন্যও এক অশনিসংকেত বলে মনে করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ।
রবিউল হাসানসহ তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই দায় এড়াতে পারে না। অবিলম্বে টঙ্গী মাজার বস্তিসহ আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে এই নৃশংস হামলায় জড়িত মূলহোতা ও সশস্ত্র সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একইসঙ্গে আহত সাংবাদিকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।



