Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছেঁড়াদ্বীপে আইস-বিদেশি মদ ও বিয়ারসহ ১৯ পাচারকারী আটক

এক কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৮৫ বোতল বিদেশি মদ ও ৩৩৫ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৮৫ বোতল বিদেশি মদ ও ৩৩৫ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। একই সময় টেকনাফের লম্বরি ঘাট হতে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে খাদ্যসামগ্রী ও মাদকদ্রব্যসহ ১৯ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন। এ সময় কেয়াবনের মধ্যে ৩১টি ধূসর রংয়ের পরিত্যক্ত বস্তা দেখতে পাওয়া যায়। কোস্ট গার্ডের সদস্যরা বস্তাগুলো তল্লাশি করে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৮৫ বোতল বিদেশি মদ ও ৩৩৫ ক্যান বিয়ার জব্দ করে।

তিনি আরও বলেন, “তবে ঘটনাস্থল থেকে পাচারকারীর কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা সামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

অপরদিকে, সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের লম্বরি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ টেকনাফ বিসিজি স্টেশন। কোস্ট গার্ড সদস্যরা একটি কাঠের বোটে তল্লাশি চালায়। এ সময় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বোটে রাখা ১৫ বস্তা শুকনা মরিচ, ৪০ বস্তা পেয়াজ, এক বস্তা তামাক পাতা, তিন বস্তা টেস্টিং সল্ট, এক হাজার ৮২১ লিটার অকটেন, তিন হাজার ৭৫২ লিটার সয়াবিন তেল, ১৩৬ লিটার ডিজেলসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস ও টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

   

About

Popular Links

x