আজ (৭ সেপ্টেম্বর) দেশের বিশিষ্ট কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের ৭৩ তম জন্মদিন।
১৯৫৪ সালের ৭ সেপ্টেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করা এই গুণী ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনেই গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত হয়ে তিনি বাংলাদেশ টেলিভিশনের ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে সব শ্রেণিপেশার মানুষের মাঝে বিপুল গ্রহণযোগ্যতা লাভ করেন। পরবর্তীতে তার নিজস্ব পরিচালনাধীন টেলিভিশন চ্যানেল আইতে তিনি শুরু করেন যুগান্তকারী কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’।
নগরের মানুষদের কৃষিতে উদ্বুদ্ধ করতে তার ‘ছাদকৃষি’ অনুষ্ঠানটি এখন পরিণত হয়েছে এক সামাজিক আন্দোলনে। গণমাধ্যমে সাড়ে চার দশকের একনিষ্ঠ পথচলায় তার উদ্বুদ্ধকরণ প্রচারণায় বাংলাদেশের খাদ্য উৎপাদনে এসেছে বৈপ্লবিক সাফল্য এবং তিনি প্রতিষ্ঠিত হয়েছেন উন্নয়ন সাংবাদিকতার এক অনন্য অগ্রপথিক হিসেবে।
উন্নয়ন সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি দেশের সর্বোচ্চ দুটি রাষ্ট্রীয় সম্মান ‘একুশে পদক’ (১৯৯৫) ও ‘স্বাধীনতা পুরস্কার’ (২০১৮) লাভ করেন। খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে ভূমিকার জন্য ২০০৯ সালে তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মর্যাদাপূর্ণ ‘এ এইচ বুর্মা অ্যাওয়ার্ড’ অর্জন করেন। এছাড়া তিনি গুসি পিস প্রাইজ, ব্রিটিশ হাউস অব কমন্সের বিশেষ সম্মাননাসহ দেশ-বিদেশের অর্ধশতাধিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
বর্তমানে তিনি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। উপেক্ষিত কৃষিকে জাতীয় সংবাদের মূল ধারায় তুলে ধরা এই ব্যক্তিত্বের বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং তার টেলিভিশন কর্মকাণ্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণাও সম্পন্ন হয়েছে।



