আনসার-ভিডিপিতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে সহযোগিতার আশ্বাস তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কর্মসূচিকে আরও এগিয়ে নিতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্মার্ট প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার (৬ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। 

সাক্ষাৎকালে তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম উদ্যোগটিকে সময়োপযোগী, উদ্ভাবনী ও ভবিষ্যতমুখী বলে অভিহিত করেন। 

তিনি বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগের সম্ভাব্যতা যাচাই এবং কার্যকর বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সরকারি অংশীজনদের সমন্বয়ে শিগগিরই একটি বিশেষ সভা আয়োজন করা হবে।”

বাহিনীটির উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক ডিজিটাল ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে এর সম্ভাব্য ভূমিকার রূপরেখা তুলে ধরেন।

চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রম এবংআনসার ভিডিপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (এভার্প)-এর কোর ফিচারসমূহ উপস্থাপন করেন বাহিনীটির মহাপরিচালক। 

তিনি  বলেন, “জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন আন্তঃসংযুক্ত স্মার্ট প্ল্যাটফর্মের মাধ্যমে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, মোতায়েন, ভাতা বিতরণ, জনসেবা, বিভিন্ন আভিযানিক ও সামাজিক কার্যক্রম, কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম বর্তমানে ডিজিটালভাবে পরিচালিত হচ্ছে।”

মহাপরিচালক আরো বলেন, “প্রায় ৬০ লাখ সদস্যের এই বৃহৎ বাহিনীর ক্রমবর্ধমান ডেটাবেজ এবং বহুমাত্রিক ডিজিটাল ইন্টারঅ্যাকশন ভবিষ্যতে বিগ ডেটা, মেশিন লার্নিং (এমএল), লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহারের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছে।”

মহাপরিচালকের মতে, বাহিনীর নিজস্ব ডেটাভিত্তিক  চালিত অটোমেশন ব্যবস্থা চালু করা গেলে স্মার্ট সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা বিশ্লেষণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং জবাবদিহিমূলক জনসেবা আরো কার্যকর ও সহজ হবে।

এদিকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, আনসার-ভিডিপির বিদ্যমান ডিজিটাল অবকাঠামোর সঙ্গে  এআই ও এলএলএম  প্রযুক্তির সমন্বয় কেবল বাহিনীর প্রশাসনিক দক্ষতা বাড়াবে না; একই সঙ্গে জাতীয় পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং নাগরিকসেবা আধুনিকায়নের ক্ষেত্রেও এটি একটি কার্যকর মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।