নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুই পক্ষের পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রবিবার (২ আগস্ট) রাতে সদর উপজেলার মধ্য সুটিপাড়া গ্রামের দুই পরিবারের এই মারামারির ঘটনায় পুরো হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হাসপাতালের ষষ্ঠ তলায় চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক এগারোটার দিকে উভয়পক্ষ বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে তাদের সমর্থনে ১০-১২ জন বহিরাগত ব্যক্তি হাসপাতালে প্রবেশ করে অতর্কিত হামলা ও মারামারিতে জড়িয়ে পড়লে সাধারণ রোগীদের নিরাপত্তা বিঘ্নিত হয়।
এমন সংকটময় মুহূর্তে ষষ্ঠ তলায় কর্তব্যরত আনসার মো. রাজু রানা এবং মেডিসিন বিভাগের নাসিরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উত্তেজিত বহিরাগতদের শান্ত করার চেষ্টা করতে গিয়ে আনসার মো. রাজু রানা বাম হাতে আঘাতপ্রাপ্ত হন।
খবর পেয়ে হাসপাতাল গার্ডের ইনচার্জ পিসি মো. আমিনুর ইসলাম অতিরিক্ত আনসার ফোর্স নিয়ে ৮-১০ জন বহিরাগতকে আটক করেন এবং হাসপাতালের আরএমও, জেলা কমান্ড্যান্ট, নীলফামারী ও পুলিশকে জানান।
পরবর্তীতে আনসার ও পুলিশ বাহিনীর বিশৃঙ্খলাকারীদের কঠোর সতর্কবার্তা প্রদান ও সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয় এবং জেলা কমান্ড্যান্টের নির্দেশে রাতেই সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাসপাতালে গিয়ে আনসার সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এসময় উপস্থিত সাধারণ জনতা আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জানান।