Monday, August 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

এসময় দেশের নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং কৌশলগত নিরাপত্তা নিয়ে আলোচনা হয়

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৯:৩৪ পিএম

দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় নিয়ে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ আগস্ট) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি এর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। 

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে আনসার ও ভিডিপি মহাপরিচালক নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। এ সময় দুই বাহিনীর পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং কৌশলগত নিরাপত্তায় সমন্বিতভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। 

বিশেষ করে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার, পারস্পরিক তথ্য আদান-প্রদান, কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জাতীয় স্বার্থে দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতার পরিধি আরও বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। 

দেশের স্থিতিশীলতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। 

সাক্ষাৎ শেষে দুই বাহিনীর পারস্পরিক সুদৃঢ় বন্ধন ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে স্মারক উপহার ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। 

এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে দুই বাহিনীর যৌথ কার্যক্রম, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃবাহিনী সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। 

   

About

Popular Links

x