প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরফিুল হক চৌধুরী বলেছেন, “যেসব দালালের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অবৈধ উপায়ে বিদেশে যাত্রা প্রতিরোধ করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বৈধভাবে বিদেশ যাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কাজ এবং ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশে যাওয়াও সমান গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জে গুরুত্বপূর্ণ স্থানে কারিগরি ট্রেনিংয়ের জন্য কেন্দ্র এবং ভাষা শিক্ষা কোর্সের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রদান করা হবে।”
অবৈধ অভিবাসন রোধে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, “সুনামগঞ্জের সকল মসজিদ, মন্দির ও গির্জায় ধর্মীয় নেতাদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ উপায়ে বিদেশে যাওয়ার ভয়াবহতা এবং বৈধ উপায়ে গমনের সুফল প্রচার করতে হবে। এই সচেতনতামূলক আন্দোলনের সূচনা সুনামগঞ্জ থেকেই হবে।”
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ জানান, বৈধ সুযোগের অভাবে অনেকেই অবৈধভাবে ইউরোপে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন। তবে আইএলও (ওখঙ)-এর ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে বর্তমানে ইতালিতে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মনিহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ সুনামগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ।