স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে এবং এশীয় উন্নয়ন ব্যাংক-এর অর্থায়নে ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি’ প্রকল্পের আওতায় এক তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলায় নবযোগদান করা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুন নবী জোহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি পিরোজপুর সদরের উপজেলা প্রকৌশলী মো. মজিবুর রহমান।
কর্মশালায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পরামর্শক প্রতিষ্ঠান ‘বেটস্ কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড’-এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী মো. আবদুল্লাহ আল নূর।
আলোচনায় বলা হয়, গ্রামীণ এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, হাট-বাজার এবং স্থানীয় কেন্দ্রগুলোর মধ্যে যাতায়াত সহজ করার পাশাপাশি গ্রামীণ সড়কগুলোকে দেশের মূল পরিবহন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে ‘কোর রোড নেটওয়ার্ক’ (CRN) মূল্যায়ন পদ্ধতি চালুর কাজ চলছে। এ পদ্ধতির আওতায় জনসংখ্যার ঘনত্ব, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, গ্রোথ সেন্টারসহ সামাজিক-অর্থনৈতিক গুরুত্ব, রাস্তার ধরন এবং প্রতিদিনের যানবাহন চলাচলের সংখ্যার ওপর ভিত্তি করে সড়কগুলোর অগ্রাধিকার ও চূড়ান্ত স্কোর (Final Road Score) নির্ধারণ করা হচ্ছে।
কর্মশালায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা, সিকদার মল্লিক, দুর্গাপুরসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের তালিকা, ম্যাপ ও সার্বিক তথ্য উপস্থাপনপূর্বক বিস্তারিত পর্যালোচনা করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল এলজিইডি, পিরোজপুর সদর এবং কারিগরি পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে বেটস্ কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড (BETS)।