দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন দিগন্ত, দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপির অগ্রযাত্রা

বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তি প্রেরণ, স্বচ্ছ নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সুপরিকল্পিত কর্মপরিকল্পনা, সুদূরপ্রসারী দিকনির্দেশনা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে বৈদেশিক শ্রমবাজারে বাহিনীর সদস্যদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি-তে কর্মসংস্থানের জন্য ১৩৯ জন প্রশিক্ষিত ভিডিপি সদস্যের মধ্য থেকে ১০০ জন কর্মী চূড়ান্তকরণের কার্যক্রম আজ বুধবার আনসার ও ভিডিপি সদর দপ্তর, খিলগাঁওয়ে শুরু হয়েছে। মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং প্রার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।  

বাংলাদেশ আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের (BAVWT) সার্বিক তত্ত্বাবধানে এবং দুবাইভিত্তিক Transguard Group LLC ও রিক্রুটিং এজেন্সি Man Force Bangladesh-এর সমন্বয়ে আয়োজিত এ কার্যক্রমে প্রার্থীদের কাগজপত্র যাচাই ও সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষা গ্রহণ সম্পন্ন হবে। শাটারিং কার্পেন্টার, ম্যাসন (রাজমিস্ত্রি) ও স্টিল ফিক্সার এই তিনটি ক্যাটাগরিতে কর্মী নির্বাচন করা হবে।

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, “বৈদেশিক কর্মসংস্থানে অদক্ষ জনশক্তির পরিবর্তে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রেরণ বাহিনীর অন্যতম অগ্রাধিকার। ট্রান্সগার্ড গ্রুপের প্রায় ৫,০০০ কর্মীর চাহিদার বিপরীতে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রথম ধাপের কর্মী নির্বাচন করা হচ্ছে।”

তিনি উল্লেখ করেন, প্রান্তিক জনগোষ্ঠীকে দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দিতে বাহিনী সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তিতে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশের বৈদেশিক মিশন এবং বিদেশি নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি প্রান্তিক শক্তি লিমিটেড, আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বিত ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপমুক্ত নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসনের সুযোগ তৈরি হচ্ছে।

মহাপরিচালক আরও বলেন, “বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কূটনৈতিক ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করা হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও ইতালির রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাহিনীর মাইগ্রেশন সেল, ওয়েলফেয়ার ট্রাস্ট, প্রান্তিক শক্তি লিমিটেড ও উন্নয়ন ব্যাংকের সমন্বয়ে প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ, ঋণের কিস্তি পরিশোধ এবং জরুরি সমস্যা সমাধানে কার্যকর সেবা কাঠামো গড়ে তোলা হচ্ছে। ওয়েলফেয়ার ট্রাস্টের CRM সফটওয়্যার ও ‘ওয়ান সিঙ্গেল পয়েন্ট সার্ভিস’-এর মাধ্যমে নিবন্ধন থেকে বিদেশ গমন এবং প্রবাসে অবস্থানকালীন প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশে অবস্থানরত প্রবাসীদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগানো হবে।”

বিদেশগামী সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, প্রত্যেক সদস্য বিদেশের কর্মক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তথা দেশের ভাবমূর্তির প্রতিনিধিত্ব করবেন। তাই কর্মক্ষেত্রে শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের শর্ত যথাযথভাবে প্রতিপালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের মাধ্যমে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করা হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, সারাদেশ থেকে বাছাইকৃত আরও প্রায় এক হাজার প্রশিক্ষিত সদস্য বৈদেশিক কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। বর্তমান নির্বাচিত সদস্যদের কর্মক্ষেত্রে দক্ষতা ও সুনামের পরিচয় পরবর্তী সদস্যদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি করবে। এক্ষেত্রে নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ এবং যথানিয়মে দেশে প্রত্যাবর্তনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে মহাপরিচালক বলেন, “জাপান ও ইউরোপের সম্ভাবনাময় শ্রমবাজারে আনসার-ভিডিপি সদস্যদের অংশগ্রহণ বাড়াতে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি আইসিটি ও ভাষা শিক্ষায় দক্ষ সদস্যদের জন্য স্টুডেন্ট ট্র্যাকের আওতায় জাপানি বিশ্ববিদ্যালয় ও ল্যাঙ্গুয়েজ কলেজের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং স্পন্সরশিপের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে ইউরোপের শ্রমবাজারে গ্রহণযোগ্যতা বাড়াতে আন্তর্জাতিক মানদণ্ড, কমপ্লায়েন্স ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।”

একইসঙ্গে যারা পারিবারিক বা সামাজিক কারণে বিদেশে যেতে পারবেন না, তাদের স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘সঞ্জীবন প্রকল্পের’ আওতায় খামার, বায়োগ্যাস ও একক পণ্যভিত্তিক উদ্যোগ সম্প্রসারণ করা হচ্ছে। এর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের পাশাপাশি আত্মকর্মসংস্থান, আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে জানান তিনি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি সমন্বিত প্রয়াস। প্রশিক্ষণ, কর্মসংস্থান, প্রাতিষ্ঠানিক সুরক্ষা ও আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে বাহিনী সদস্যদের আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি বৈধ রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চাকরিপ্রার্থী সদস্য ও তাদের  অভিভাবকগণ উপস্থিত ছিলেন।