দশম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব-২০২৪ (ডিআইএমএফএফ) এর সঙ্গে অংশীদারত্বমূলক চুক্তি করেছে স্টার সিনেপ্লেক্স।
স্টার সিনেপ্লেক্সের পক্ষে শোমোশন লিমিটেডের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ এবং ডিআইএমএফএফ পক্ষে ফেস্টিভাল ডিরেক্টর ইসমাম রহিম কারিব চুক্তি সই করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্টার সিনেপ্লেক্সের বিপণন ও বিক্রয় বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন হিমেল এবং ডিআইএমএফএফ'র হা-মিম মোহাম্মদ শফিক হোসেন।
দশম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে গত ৩ এপ্রিল থেকে। জমাদানের শেষ সময় ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
“নতুন প্রজন্ম, নতুন হাতিয়ার, নতুন যোগাযোগ” স্লোগান নিয়ে ২০১৫ সাল থেকে প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে।
এ বছরের ফেব্রুয়ারিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে নবম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বব্যাপী ২৫ দেশ থেকে ১৬৩টি চলচ্চিত্রে মধ্যে নির্বাচিত ২৬টি চলচ্চিত্রের প্রদর্শনী করা হয়।
পাঁচটি বিভাগে চলচ্চিত্র জমা নেয় আয়োজক সংস্থাটি। ওপেন ডোর বিভাগের জন্য ডিআইএমএফএফ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়। শর্ট ফিল্ম বিভাগে দেওয়া হয় “সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড”। এছাড়া “ইউল্যাব ইয়াং ফিল্ম মেকার অ্যাওয়ার্ড”, “ডিআইএমএফএফ বেস্ট ভার্টিকাল ফিল্ম” এবং “এমএসজে বেস্ট মোজো” পুরস্কার দেওয়া হয়।