প্রত্যন্ত চরাঞ্চলে প্রতিবন্ধীদের উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।
বুধবার (৩০ আগস্ট) গাইবান্ধা সদর উপজেলার পূর্বপাড়ায় ও কুড়িগ্রামের চিলমারীতে “সুবর্ণজন সেবা কেন্দ্র” ও “সুবর্ণজন বান্ধব নৌকা” নামে দুটি প্রকল্প উদ্বোধন করেছে সংস্থাটি। তাদের এই কাজে সহায়তা করছে রোটারি ক্লাব।
২০২০ সাল থেকে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে সংস্থাটি। চরাঞ্চলে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এবার তাদের কার্যক্রমে “সুবর্ণজন বান্ধব নৌকা” প্রকল্পটি যুক্ত হলো।
বুধবার গাইবান্ধায় উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ, রোটারি ক্লাব রমনার প্রেসিডেন্ট খাইর উদ্দিন খান, আশেক উল ইসলাম। ফ্রেন্ডশিপ ইনক্লসিভ সিটিজেনশিপ সেক্টরের জ্যেষ্ঠ পরিচালক আয়াশা তাসিন খান, নির্বাহী পরিচালক আহমেদ তৌফিকুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার আবু মোহাম্মদ শিহাব প্রমুখ।
সংস্থাটি জানিয়েছে, সুর্বণজন সেবা কেন্দ্রে ফিজিওথেরাপি দেওয়ার প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি রয়েছে। এর পাশাপাশি নিয়মিত চেকআপ ও দৈনন্দিন জীবনযাপনে করণীয় বিষয়ে থেরাপিউটিক কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া “সুবর্ণজন বান্ধব নৌকা” কার্যক্রমে নতুন একটি নৌকা তৈরি করা হয়েছে। এই নৌকাটিতে হুইল চেয়ার, স্ট্রেচারসহ অন্যান্য নিরাপত্তার অন্যান্য উপকরণ রয়েছে। নৌকাটি প্রত্যন্ত চরাঞ্চলের সেবাগ্রহীতাদের সেবা গ্রহণে উৎসাহ দেবে বলে মনে করে তারা।
সংস্থাটি আরও জানায়, সুর্বণজন সেবা কেন্দ্রের প্রয়োজনীয় উপকরণ রোটারি ফাউন্ডেশন থেকে প্রদান করা হয়েছে।