আবহাওয়ার সঠিক পূর্বাভাস জীবন-সম্পদের ক্ষতি কমাতে পারে

পরিভাষা সংক্রান্ত জ্ঞান ও জানাশোনায় কমতি থাকায় মানুষের কাছে আবহাওয়ার সঠিক তথ্য পৌঁছায় না বলে মন্তব্য করেছেন আবহাওয়া অধিদপ্তর পরিচালক আজিজুর রহমান।

শনিবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের মিলনায়তনে সংবাদকর্মীদের এক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

আজিজুর রহমান বলেন, “জীবন ও সম্পদ রক্ষায় আবহাওয়ার সুনির্দিষ্ট তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে আবহাওয়ার তথ্য জানা থাকলে প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষতি রোধ করা সম্ভব। কিন্তু আবহাওয়ার পরিভাষা সম্পর্কে সঠিক ধারণা ও জ্ঞান না থাকায় মানুষের কাছে তথ্য পৌঁছানোর সময় বিভ্রান্তি তৈরি হচ্ছে।”

তিনি আরও বলেন, “আবহাওয়ার পূর্বাভাসের সঠিক তথ্য দেওয়া গেলে দুর্যোগের ক্ষতি শতভাগ মোকাবিলা করা সম্ভব। এ কাজে সামনের সারিতে থেকে ভূমিকা রাখবেন সংবাদকর্মীরা, এই আশা ব্যক্ত করছি।”

কর্মশালায় ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভারি বর্ষণ, এল-নিনো, খরা, উষ্ণায়ন, কৃষি ও বিমান চলাচলের মত গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আলোচনা করেন জেষ্ঠ্য আবহাওয়াবিদরা।

কর্মশালায় বক্তব্য রাখেন আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আরিফ রাশিদ, বিএমডি ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক শেখ শাহজাহান আলম, ঝড় সতর্কীকরণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক, এসএম কামরুল হাসান, বজলুর রশীদ, রাশেদুজ্জামান, আব্দুর রহমান খান, মনোয়ার হোসেন, কৃষি আবহাওয়া বিভাগের ড. শামীম হাসান ভুইয়া এবং ভূমিকম্প পর্যালোচনা বিভাগের মোমিনুল ইসলাম। এছাড়া কর্মশালায় অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের প্রায় অর্ধশত সংবাদকর্মী।