উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হয়ে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সুদত্ত চাকমা।
সোমবার (১ এপ্রিল) তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ৩২ নম্বর বাসভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে তার মন্তব্য লিপিবদ্ধ করেন। এ সময় বঙ্গবন্ধু স্মৃতিসৌধ ও যাদুঘর-এর প্রশাসনিক কর্মকর্তা ইয়াসমীন আক্তার, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কলাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত বড়ুয়া এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে সম্মান প্রদর্শনের উদ্যোগ নিয়েছেন।
সুদত্ত চাকমা ১৯৯১ সালের ২৯ জানুয়ারি বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদে নিযুক্তি লাভ করেন। তিনি বাংলাদেশ তথ্য কমিশনে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য কমিশনার (সচিব পদমর্যাদা) পদে নিযুক্ত ছিলেন।
সুদত্ত চাকমা এর আগে অতিরিক্ত সচিব পযদমর্যাদায় ২০১৭ সালের ১২ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়াধীন ইউএনডিপির অর্থায়নে এসআইডি-সিএইচটি প্রকল্প এবং সিএইচটি কমপ্লেক্স-এর জাতীয় প্রকল্প পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। সুদত্ত চাকমা ২০১৫ সালের ৭ এপ্রিল থেকে ২০১৭ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত যুগ্মসচিব পদে ঢাকার বেইলি রোডে সরকারের সিএইচটি প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ সালের ১২ জানুয়ারি থেকে ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব এবং মাননীয় প্রতিমন্ত্রীর পিএস-এর দায়িত্ব পালন করেন।